Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৬ হাইরাইজে ভোটগ্রহণ কেন্দ্র

উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে কলকাতায় ছ’টি হাইরাইজ বিল্ডিংয়ে হচ্ছে পোলিং স্টেশন। তাতে বুথ থাকবে আটটি। সেখানকার বাসিন্দারা নিজেদের আবাসনের মধ্যেই ভোট দিতে পারবেন।

৬ হাইরাইজে ভোটগ্রহণ কেন্দ্র
  • ২৮ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে কলকাতায় ছ’টি হাইরাইজ বিল্ডিংয়ে হচ্ছে পোলিং স্টেশন। তাতে বুথ থাকবে আটটি। সেখানকার বাসিন্দারা নিজেদের আবাসনের মধ্যেই ভোট দিতে পারবেন। প্রসঙ্গত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বড়ো আকারের আবাসনগুলিতে পোলিং স্টেশন তৈরির বিষয়টি আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। 

Advertisement

নিরাপত্তার জন্য উত্তর কলকাতায় ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রয়োজনে তার সংখ্যা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন। ছাপ্পা ভোট, বুথ জ্যাম রুখতে শুক্রবার কড়া বার্তা দিয়েছেন উত্তর কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (ডিইও) স্মিতা পান্ডে। এদিন কলকাতা পুরসভায় বিভিন্ন শীর্ষ কর্তা এবং সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুরসভার কমিশনার তথা উত্তর কলকাতার ডিইও স্মিতা পান্ডে। তিনি জানান, উত্তর কলকাতায় চারটি আবাসনে হচ্ছে ভোটগ্রহণ কেন্দ্র। তার মধ্যে রয়েছে এন্টালি বিধানসভার অন্তর্গত অ্যাক্টিভ একর্স এবং সিলভার স্প্রিং আবাসনটি। এছাড়াও বেলেঘাটা বিধানসভায় আছে লেক ডিস্ট্রিক্ট আবাসন। পাশাপাশি মানিকতলা বিধানসভার অন্তর্গত অর্জুন অ্যাপার্টমেন্টে হচ্ছে দু’টি বুথ। মানিকতলার অন্তর্গত এই আবাসনে আগে দু’টি পোলিং বুথ ছিল। পরে তা বাইরে নিয়ে আসা হয়। এবার আবাসনের বাসিন্দাদের অনুরোধে সেই দু’টি বুথ ফের আবাসনের ভিতরে করা হচ্ছে। অন্যদিকে, দক্ষিণ কলকাতায় দু’টি হাইরাইজ বিল্ডিংয়ে পোলিং স্টেশন হচ্ছে। এই দু’টিই রয়েছে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে। তার মধ্যে সাউথ সিটি আবাসনে দু’টি বুথ এবং অপরটি আশা আবাসনে। কলকাতায় বরাবরই ভোটের হার কম থাকে। এবার ভোটদানের হার বাড়াতে বদ্ধপরিকর কমিশন। যাতে রাজ্যের অন্যান্য জেলার মতো কলকাতায়ও ৮০-৮৫ শতাংশ ভোট পড়ে, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা যাতে সহজে ভোটকেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্য অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। 
এদিন পুরকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন স্মিতা পান্ডে। তিনি বলেন, ‘মূলত পাঁচ থেকে 
ছ’টি বিষযয়ে আলোচনা হয়েছে। আধিকারিকদের নিজস্ব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ভোট সুষ্ঠুভাবে করা আমাদের লক্ষ্য। আমজনতা যেন ভোট দিতে পারে সেটাই নিশ্চিত করতে হবে। পুরসভার বহু অফিসার ভোটের কাজে নিযুক্ত। সেক্ষেত্রে বিভাগীয় আধিকারিক তাঁদের বুঝিয়ে দেবেন যেন নির্বাচনের কাজ আইনমাফিক হয়। কোথাও যেন ছাপ্পা ভোটের ঘটনা না ঘটে। সেক্ষেত্রে কোন অভিযোগ পেলে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেবে।’ জানা গিয়েছে, উত্তর কলকাতায় ১ হাজার ৮৩৫ পোলিং স্টেশন হচ্ছে। তার মধ্যে মহিলা পরিচালিত ৮০টি।

Advertisement
সম্পর্কিত সংবাদ