Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেশকিছু লোকাল ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি, আজ বর্ধমান-সাহেবগঞ্জ শাখায় ৬ ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক

বেশকিছু লোকাল ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি, আজ বর্ধমান-সাহেবগঞ্জ শাখায় ৬ ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: ট্রাফিক ও পাওয়ার ব্লকের জেরে আজ, বুধবার বর্ধমান-সাহেবগঞ্জ শাখায় বেশকিছু ট্রেন বাতিল ও কিছু এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। প্রথম সারির বন্দেভারত এক্সপ্রেস সহ কিছু ট্রেন দেরিতে চলবে বলে পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। ফলে আজ ভোর থেকেই এই রুটের যাত্রীদের ভোগান্তির শিকার হতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

রেল জানিয়েছে, স্থানীয় যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পূর্ব রেলের খানা-গুমানি বিভাগে পিচকুড়ির ঢাল ও ভেদিয়া স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট (নম্বর ৫/বি/টি)এর পরিবর্তে সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণ করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের দাবি, এই গেট ব্যবহারকারী স্থানীয় বাসিন্দা এবং যাত্রীরা সুবিধা পাবেন। পথচারী এবং যানবাহন চলাচলে সুবিধা হবে। 
এই সাবওয়ে নির্মাণের জন্য আজ ৩৬০ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। ভোর সাড়ে ৩টে থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ছ’ঘণ্টা এই ব্লক চলবে। যার জেরে ৬৩০৬৩ বর্ধমান-তিনপাহাড় মেমু, ৬৩০১১ বর্ধমান - তিনপাহাড় মেমু, ৬৩৫৮১ বর্ধমান-রামপুরহাট মেমু এবং রামপুরহাট জংশন থেকে ৬৩৫৮২ রামপুরহাট-বর্ধমান মেমু, ৬৩০১২ রামপুরহাট-বর্ধমান মেমু, তিনপাহাড় থেকে ৬৩০৬৪ তিনপাহাড়-বর্ধমান মেমু ও ৬৩০২১ আজিমগঞ্জ-রামপুরহাট মেমু বাতিল ঘোষণা করা হয়েছে। 
১৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস রামপুরহাট, বোলপুর, বর্ধমানের বদলে হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে চলাচল করবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ জংশনে স্টপেজ দেবে ট্রেনটি। অন্যদিকে ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস নিউ ফরাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, ব্যান্ডেল হয়ে চলবে। জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম ও ব্যান্ডেলে স্টপেজ দেবে ট্রেনটি। 
এই ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য বেশকিছু ট্রেন দেরিতে চলাচল করবে। ১৩৪২৮ সাহেবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস সাহেবগঞ্জ থেকে সকাল ৫টা বেজে ২০মিনিটের পরিবর্তে ৪০মিনিট দেরিতে সকাল ৬টায় ছেড়ে আসবে। অন্যদিকে ১৩০১২ মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ভোর সাড়ে ৪টের পরিবর্তে দেড় ঘণ্টা দেরিতে সকাল ৬টায় মালদহ টাউন স্টেশন ছেড়ে আসবে। এছাড়া ১৩১৮২ কাজিরাঙা এক্সপ্রেস, ২২৩০৯ হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস এবং ১৩১৭৫ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যথাক্রমে ৪০, ২৫ এবং ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে বলে পূর্ব রেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফলে দিনের শুরুতেই ব্যাপক ভোগান্তির মুখে পড়তে চলেছেন যাত্রীরা। যাত্রীদের একাংশ জানান, ছুটির দিনে ব্লক নিলে সুবিধা হতো। তাছাড়া অনেকে ব্লক থাকার কথা জানেন না। তাঁরা বাড়ি থেকে বেরিয়ে ভোগান্তির শিকার হবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ