Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

লোহিত সাগরে ডুবে গেল সাবমেরিন, ৬ পর্যটকের মৃত্যুর আশঙ্কা

লোহিত সাগরে ডুবে গেল সাবমেরিন, ৬ পর্যটকের মৃত্যুর আশঙ্কা
  • ২৭ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

কায়রো: বৃহস্পতিবার মিশরের হুরগাদা শহরের কাছে লোহিত সাগরের উপকূলে ডুবে গেল একটি ট্যুরিস্ট সাবমেরিন। এই দুর্ঘটনায় কমপক্ষে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত আরও ন’জন। এখনও পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
সংবাদ সংস্থা জানিয়েছে, জনপ্রিয় সমুদ্র সৈকত হুরগাদা থেকে সাবমেরিনটি যাত্রা শুরুর কিছুক্ষণ পরে এই ঘটনা ঘটে। সেটিতে বিভিন্ন দেশের মোট ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। মিশরের রেড সি গভর্নরেটের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই শুরু হয় উদ্ধারকাজ। সাবমেরিনটি থেকে ২৯ জনকে উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা।
পর্যটকদের ওই সাবমেরিনটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে মিশরের প্রশাসনের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো যায়নি।
মিশর সরকারের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যে সমুদ্র উত্তাল হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তিনি আরও জানিয়েছেন, মাস চারেক আগে লোহিত সাগরে একটি ট্যুরিস্ট প্রমোদতরী ডুবে গিয়েছিল। তাতে  প্রাণ হারান কমপক্ষে চার জন। ৩৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। সেই ঘটনার চার মাসের মাথায় এমন ঘটনা ঘটল।

Advertisement

চলতি সংঘাতের জেরে সম্প্রতি অনেক পর্যটন সংস্থা লোহিত সাগরে ভ্রমণ বন্ধ করে দিয়েছে অথবা সীমিত করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ