Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো আইপির মাধ্যমে মার্কিন নাগরিকদের প্রতারণা, ধৃত ৬

ভুয়ো আইপির মাধ্যমে মার্কিন নাগরিকদের প্রতারণা, ধৃত ৬
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক মার্কিন নাগরিককে প্রতারণা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিসের কার্যত কালঘাম ছুটে যাওয়ার জোগাড়। যে আইপি অ্যাড্রেস থেকে প্রতারণা হয়েছে তার লোকেশন সুদূর নাইজেরিয়া। আদৌ কি ভিনদেশ থেকে প্রতারণা চলছে? কলকাতা পুলিসের অত্যাধুনিক সাইবার ল্যাবেরটরিতে আইপি অ্যাড্রেস কাটাছেঁড়া করে চাঞ্চল্যকর তথ্য পেলেন লালবাজারের গোয়েন্দারা। মার্কিন মুলুকে প্রতারণা নাইজেরিয়া থেকে নয়, পর্ণশ্রীতে ডায়মন্ড হারবার রোডে একটি ভাড়ার ফ্ল্যাট হল প্রতারকদের ঘাঁটি। ওই ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হল ছয় অভিযুক্তকে। সেখানে চলছিল ভুয়ো কল সেন্টার। 

Advertisement

পুলিস সূত্রে খবর, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে সাতটি আইপি অ্যাড্রেস পান তদন্তকারীরা। দেখা যায়, তার মধ্যে চারটির লোকেশন নাইজেরিয়া। বাকি তিনটি আইপি অপারেট করা হচ্ছে থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া থেকে। আলাদা আলাদ তিনটি লোকেশন দেখে সন্দেহ হয় পুলিসের। সাইবার গোয়েন্দাদের অনুমানের উপর ভিত্তি করে দেখা যায়, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের বা ভিওআইপির সাহায্যে যাবতীয় যোগাযোগ করা হচ্ছে। লোকেশন ট্র্যাক করে পুলিস জানতে পারে, আদপে ডায়মন্ড হারবার রোডের উপর পর্ণশ্রী এলাকার ৩৬/১০ নম্বর বাড়ির একতলার একটি ফ্ল্যাট থেকে অপারেশন চালাচ্ছে প্রতারকরা। সোমবার সেখানে অভিযান চালায় পুলিস। ওই ঘর থেকে হাতেনাতে ছ’জনকে পাকড়াও করা হয়। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, মাইক্রোসফ্ট ও নর্টন সহ বিভিন্ন সফ্টওয়্যার কোম্পানির কর্মচারীর পরিচয় দিয়ে ফোন করা হতো মার্কিন নাগরিকদের। টেক সাপোর্ট দেওয়ার বাহানায় গ্রাহকদের থেকে চেয়ে নেওয়া হতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য। তারপরই প্রতারণা করা হতো একের পর এক আমেরিকানদের। একই ধরনের অভিযোগ এর আগে ইন্টারপোলের মাধ্যমে পেয়েছিল কলকাতা পুলিস। সেই অভিযোগের ভিত্তিতে তিন নাইজেরিয়কে গ্রেপ্তার করেছিলেন তদন্তকারীরা। 
লালবাজার জানিয়েছে, পর্ণশ্রীর ডেরা থেকে উদ্ধার হয়েছে নগদ সাড়ে তিন লক্ষ টাকা। সবকটি নোটই ৫০০ টাকার। এছাড়াও ৫টি ল্যাপটপ, ৯টি মোবাইল ফোন, ৩টি মাল্টিমিডিয়া হেডফোন বাজেয়াপ্ত করেছে পুলিস। ওই ভুয়ো কল সেন্টার থেকে প্রচুর সংখ্যায় ভিওআইপি কল লিস্ট বাজেয়াপ্ত করা হয়েছে। কতজন মার্কিন নাগরিক প্রতারিত হয়েছেন, সেই তথ্য খুঁজছেন তদন্তকারীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ