সংবাদদাতা, উলুবেড়িয়া: এবার শীতের মরশুমে পর্যটকদের জন্য সুখবর। ৫৮ গেট এলাকায় বেড়াতে আসা পর্যটকদের জন্য দামোদর ও হুগলি নদীর সংযোগস্থলকে সাজিয়ে তুলেছে পূর্তদপ্তর। নদীর পাড়ে রাস্তার পাশে বসার জায়গা তৈরি হয়েছে, পাশাপাশি সুদৃশ্য আলোকে সাজিয়ে তোলা হয়েছে এলাকাটিকে।
রাজ্যের পর্যটন মানচিত্রে হাওড়া জেলার ৫৮ গেট অন্যতম একটি নাম। দামোদর ও হুগলি নদীর সংযোগস্থলে গড়ে ওঠা এই এলাকার প্রাকৃতিক শোভা তো আছেই, পাশাপাশি এখানে থাকা গড়চুমুক জুলজিক্যাল পার্কও পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ। প্রায় সারা বছরই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে ৫৮ গেট। বিশেষ করে শীতের সময় পিকনিকের মজা উপভোগ করতে দূরদূরান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। তবে এতদিন এখানে নদী তীরবর্তী এলাকায় সেভাবে বসার জায়গা ছিল না। তাতে সমস্যায় পড়তেন পর্যটকরা। তাঁদের এই সমস্যা কাটাতে দামোদর ও হুগলি নদীর সংযোগস্থলকে সাজিয়ে তুলেছে পূর্তদপ্তর।
ইতিমধ্যে হাওড়া জেলা পরিষদের অতিথি নিবাসের পিছনে নদী তীরবর্তী এলাকার রাস্তা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সুদৃশ্য চেয়ার বসানো হয়েছে। সুন্দর আলোও দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্র এমন নতুন রূপ পাওয়ায় পর্যটকদের পাশাপাশি খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। তাঁরা জানালেন, এই এলাকাকে নতুনভাবে সাজিয়ে তোলায় পর্যটকদের আনাগোনা বেড়েছে। ফলে ব্যবসাও বেড়েছে।
এই প্রসঙ্গে পূর্তমন্ত্রী পুলক রায় জানান, সারা বছর ধরে প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন। নদীর শোভা দেখতে পর্যটকরা ভিড় জমান। এতদিন এখানে সেভাবে বসার জায়গা না থাকায় পর্যটকদের সমস্যা হতো। তাঁদের সুবিধার্থে নদীর পাড়ে বসার জায়গার পাশাপাশি রাস্তাও সুদৃশ্য আলো দিয়ে সাজানো হয়েছে। এছাড়া, কেন্দ্রটির ভিতরের রাস্তায় হাওড়া জেলা পরিষদ সোলার লাইট বসাবে বলে সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান।