Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১২০০-র বেশি ভোটারের বুথে বিন্যাস, জেলাজুড়ে বাড়তে চলেছে ৫০৩ কেন্দ্র

আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই দিকে সবার নজর রয়েছে। তার মধ্যেই নির্বাচনের প্রস্তুতি পর্ব এগিয়ে রাখছে কমিশন।

১২০০-র বেশি ভোটারের বুথে বিন্যাস, জেলাজুড়ে বাড়তে চলেছে ৫০৩ কেন্দ্র
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই দিকে সবার নজর রয়েছে। তার মধ্যেই নির্বাচনের প্রস্তুতি পর্ব এগিয়ে রাখছে কমিশন। কোথাও সন্ত্রস্ত এলাকায় রুটমার্চ করা হচ্ছে, আবার ইতিমধ্যেই ইভিএমের মকপোল হয়েছে। নদীয়া জেলাতেও ভোট পরিকাঠামোয় বড়োসড়ো রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার নদীয়ায় প্রায় ৫০০ বুথ বাড়তে চলেছে। কমিশনের নির্দেশে ১২০০-র বেশি ভোটার রয়েছে এমন বুথগুলির বিন্যাস ঘটানো হয়েছে। তার জেরেই জেলায় ওই সংখ্যক বুথ বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা ধরেই ওই বুথকেন্দ্র বাড়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকা অনুযায়ী নদীয়ায় ৫০৩টি নতুন বুথ সংযোজনের প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে পাঠানো হচ্ছে। প্রস্তাব কার্যকর হলে আসন্ন বিধানসভা নির্বাচনে জেলায় মোট বুথের সংখ্যা বেড়ে প্রায় ৫১০০ হতে পারে। উল্লেখ্য, এতদিন নদীয়ায় বুথের সংখ্যা ছিল ৪৬৮৬।  বিধানসভা ভিত্তিক পুনর্বিন্যাসের খসড়া চিত্রে দেখা যাচ্ছে, একাধিক কেন্দ্রে বুথ সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। করিমপুর বিধানসভায় বুথের সংখ্যা ২৬২ থেকে বেড়ে ৩১২ করা হচ্ছে। তেহট্টে ২৭৪ থেকে বেড়ে ৩১৪, পলাশিপাড়ায় ২৫৬ থেকে ২৯৪, নাকাশিপাড়ায় ২৬১ থেকে ২৯৫ এবং চাপড়ায় ২৮৫ থেকে বেড়ে ৩১৬ করার প্রস্তাব রয়েছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বুথ সংখ্যা ২৭৩ থেকে বেড়ে ২৯০, নবদ্বীপে ২৭৬ থেকে ৩০৬ এবং কৃষ্ণনগর দক্ষিণে ২৩৮ থেকে বেড়ে ২৭৬ হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। প্রশাসনের ব্যাখ্যা, ভোটারদের বুথে পৌঁছানোর দূরত্ব কমানো, অতিরিক্ত ভিড় এড়ানো এবং ভোটগ্রহণ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করাই এই পুনর্বিন্যাসের লক্ষ্য। তবে, কালীগঞ্জ বিধানসভায় বুথ সংখ্যা অপরিবর্তিত থাকছে। কারণ, সাম্প্রতিক উপনির্বাচনের সময়ই সেখানে অতিরিক্ত ৪৭টি বুথ বাড়ানো হয়েছিল। বর্তমানে কালীগঞ্জে বুথের সংখ্যা ৩০৯।
প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, গত বছরের মাঝামাঝি সময় বুথ পুনর্বিন্যাসের প্রাথমিক সমীক্ষায় জেলাজুড়ে প্রায় ৮০০ বুথ বাড়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। কিন্তু, সম্প্রতি খসড়া তালিকায় প্রায় ২ লক্ষ ১৬ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ যাওয়ার ফলে বহু বুথে ভোটার সংখ্যা কমেছে। তবে তারপরেও অনেক বুথে ১২০০-র বেশি ভোটার রয়েছেন। সেগুলিকেই পুনর্বিন্যাস করা হয়েছে। সেই হিসেবে জেলায় প্রায় ৫০০ বুথ বাড়ার সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘এসআইআর প্রক্রিয়ায় মৃত ও স্থানান্তরিত মিলিয়ে লক্ষাধিক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে। বুথ পুনর্বিন্যাসে জনভিত্তিক মানদণ্ডই প্রাধান্য পায়। ১২০০-র বেশি ভোটার রয়েছে এমন বুথগুলিকে বিন্যাস করা হয়েছে। তাতেই প্রায় ৫০০ বুথ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রশাসনের আধিকারিকদের দাবি, দু’সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপরই এই বিষয়টি আরও পরিষ্কার হবে। রাজনৈতিক মহল মনে করছে, এসআইআর পর্ব মিটলেই কমিশন ভোট ঘোষণা করতে পারে। সেইমতো রাজনৈতিক দলগুলিও প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ