Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আচমকা নোটিসে বন্ধ জগদ্দল ও হাওড়ায় জুটমিল কাজ হারানোর আশঙ্কায় ৫ হাজার শ্রমিক

আচমকা নোটিস দিয়ে রাতারাতি বন্ধ করা হল জগদ্দল ও হাওড়ার দু’টি জুটমিল। অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধের নোটিস দেওয়া হয়েছে

আচমকা নোটিসে বন্ধ জগদ্দল ও হাওড়ায় জুটমিল কাজ হারানোর আশঙ্কায় ৫ হাজার শ্রমিক
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও হাওড়া: আচমকা নোটিস দিয়ে রাতারাতি বন্ধ করা হল জগদ্দল ও হাওড়ার দু’টি জুটমিল। অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধের নোটিস দেওয়া হয়েছে। তা দেখে মাথায় হাত কয়েক হাজার শ্রমিকের। শনিবার সকালে মিলের গেটে নোটিস দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।

Advertisement

জগদ্দলের অকল্যান্ড জুটমিলে কাজ করেন প্রায় চারহাজার শ্রমিক। জানা গিয়েছে, সম্প্রতি কয়েকজন দুষ্কৃতী মিলে শঙ্কর দেবনাথ নামে জুটমিলের এক আধিকারিককে মারধর করে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। বিজেপি নেতা অর্জুন সিংয়ের অভিযোগ, ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং মিল কর্তৃপক্ষের কাছে চার লক্ষ টাকা দাবি করেছিলেন। টাকা দিতে অস্বীকার করায় মিলের আধিকারিককে মারধর করা হয়েছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে বলেছে, বহিরাগত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনার জেরে শনিবার বিকেলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর পাশাপাশি এদিন সকালে হাওড়ার ফোরশোর রোডে হাওড়া জুটমিলের প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করতে এসে গেটে মিল বন্ধের নোটিস দেখতে পান। শ্রমিক-কর্মচারিরা জানান, ১২ জুন মজুরি বৃদ্ধি সহ বকেয়া পিএফ, পেনশন দেওয়া সংক্রান্ত বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তারপর কর্তৃপক্ষকে শ্রমিকরা হুমকি দিয়েছে, এই মিথ্যে অভিযোগ তুলে দুই আধিকারিক ইস্তফা দেন। এরপর মিল বন্ধ হয়। হাওড়া জেলা আইএনটিটিইউসি’র সভাপতি অরবিন্দ দাস বলেন, ‘অবিলম্বে হাওড়া জুটমিল খোলা না হলে আমরা সমস্ত শ্রমিক ইউনিয়নগুলিকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ