ওয়াশিংটন, ১২ আগস্ট: রাশিয়াকে জব্দ করতেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (স্থানীয় সময়) সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মূল উদ্দেশ্যে মস্কোর অর্থনীতিকে ধ্বংস করা। আগামী ১৫ আগস্ট আলাস্কায় বৈঠকে বসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের। তার আগেই মস্কোর বিরুদ্ধে ট্রাম্পের করা মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার অবস্থা ভাল যাচ্ছে না। বিশেষ করে ওদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। রাশিয়ার থেকে সর্বাধিক বা দ্বিতীয় সর্বাধিক দেশকে তেল কেনার জন্য সাবধান করা হয়েছিল। সেই দেশগুলিকে বলা হয়েছিল, রাশিয়ার থেকে তেল কিনলে আমরা তাদের উপর ৫০ শতাংশ শুল্ক চাপাচ্ছি। এটি একটি বড় ধাক্কা ছিল। এবার মনে হয় রাশিয়া নিজেদের দিকটা দেখবে। এত বড় দেশ, ওদের ক্ষমতা রয়েছে ভালোভাবে সবকিছু চালানোর। কিন্তু ওদের অবস্থা ভালো নয়। এই শুল্কের জন্যই ওদের অর্থনীতি টলমল।’



