সংবাদদাতা, দুর্গাপুর: একটি চুরির অভিযোগের তদন্তে নেমে কার্যত চক্ষু চড়কগাছ পুলিশের। তদন্তের সূত্র ধরে পশ্চিম বর্ধমানের ফরিদপুর থানার অন্তর্গত চন্দ্রডাঙার এক পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার হল আনুমানিক ৪৮ থেকে ৫০ লক্ষ টাকা। বিপুল অংকের এই টাকা উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। উদ্ধার হওয়া টাকার উৎস, মালিকানা এবং চুরির ঘটনার সঙ্গে তার সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত আরও জোরদার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগস্টের ১ তারিখ গৌরবাজার গ্রামের বাসিন্দা তথা মুড়ি মিল ব্যবসায়ী মনোরঞ্জন পাল ফরিদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর শ্যালকের নগদ অর্থ ও কয়েকটি সোনার গয়না একটি ট্রলি ব্যাগে রাখা ছিল যা চুরি গিয়েছে। সেই অভিযোগের তদন্তে নেমেই গোপন সূত্রে খবর পান তদন্তকারীরা যে চন্দ্রডাঙার এক পরিত্যক্ত ইটভাটায় বিপুল পরিমাণ নগদ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘক্ষণ তল্লাশির পর শেষমেশ উদ্ধার হয় ওই নগদের স্তূপ।



