Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিন হাজার জাল লটারির টিকিট সহ ৫ যুবক গ্রেপ্তার

মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জের গাড়িঘাটে জাল লটারির টিকিট মজুত ও বিক্রির অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করল পুলিস।

তিন হাজার জাল লটারির টিকিট সহ ৫ যুবক গ্রেপ্তার
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জের গাড়িঘাটে জাল লটারির টিকিট মজুত ও বিক্রির অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম মোজাহার শেখ, মিনারুল শেখ, সানিরুল শেখ, আরজু শেখ ও মানিরুল শেখ। তাদের প্রত্যেকের বাড়ি রঘুনাথগঞ্জ থানা এলাকায়। তাদের হেফাজত থেকে প্রায় তিনহাজার জাল লটারি টিকিট বাজেয়াপ্ত হয়েছে। পুলিস জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় এই বেআইনি কারবার চলছে। জাল টিকিটগুলি কোথায় তৈরি করা হয়েছে, তা পুলিস খতিয়ে দেখছে। সেইসঙ্গে এই চক্রের মূল পাণ্ডার খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে। জঙ্গিপুরের অতিরিক্ত পুলিস সুপার মহম্মদ নাসিম বলেন, একটি নামী কোম্পানির লটারি টিকিট জাল করে বাজারে বিক্রি করা হচ্ছিল। পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে প্রচুর জাল টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাজারে বহুল প্রচলিত একটি লটারির টিকিট নকল করে বিক্রি হচ্ছে। সূত্রের খবর, একশ্রেণির অসাধু ব্যক্তি রঘুনাথগঞ্জেই গোপন জায়গায় এই নকল টিকিট ছাপানোর কাজ চালাচ্ছে। তারপর সেই জাল লটারি টিকিট এজেন্টের মাধ্যমে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এদিন রঘুনাথগঞ্জের ভাগীরথী সেতুর নীচে গাড়িঘাট এলাকায় হানা দিয়ে পুলিস পাঁচ যুবককে গ্রেপ্তার করে। অভিযোগ, তারা সবাই জাল লটারি টিকিট বিক্রি করছিল। তাদের হেফাজত থেকে প্রায় হাজার তিনেক জাল টিকিট মিলেছে। নকল টিকিট ছাপানোর কারখানার খোঁজে পুলিস এখনও তদন্ত জারি রেখেছে। রঘুনাথগঞ্জের এক হোল সেল লটারির টিকিট বিক্রেতা বলেন, টিকিট জাল করা এখন খুবই সহজ ব্যাপার হয়ে গিয়েছে। কম্পিউটারে নকল টিকিট ডিজাইন করে উন্নত প্রিন্টারের মাধ্যমে হুবহু টিকিট বের করে নেওয়া যাচ্ছে। সেটা যে নকল, তা সাধারণ ক্রেতার পক্ষে ধরা সম্ভব নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ