নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ায় গত দু’দিনে ব্যাপক পারদপতন হয়েছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমে গিয়েছে। তারফলে জেলার সর্বত্র শীত অনুভূত হচ্ছে। দু’দিন আগেও তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে ঘোরাফেরা করছিল। শুক্র জেলার সর্বনিম্ন তাপমাত্র কমে ১৫.২ ডিগ্রিতে দাঁড়িয়েছে। জাঁকিয়ে ঠান্ডা পড়ার আভাস মিলতেই জেলার হোটেল ব্যবসায়ীদের মধ্যে সাজোসাজো রব লক্ষ্য করা গিয়েছে। এসআইআর সহ অন্যান্য কারণে গতবছর শীতের মরশুমে জঙ্গলমহলে সেভাবে পর্যটক সমাগম হয়নি। ফলে মুকুটমণিপুর সহ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে বেশিরভাগ সময় লজ-হোটেলে ফাঁকা পড়েছিল। এবার ভিড় হবে বলে হোটেল মালিকরা আশা করছেন। পর্যটকদের স্বাগত জানাতে প্রশাসনও প্রস্তুত রয়েছে। খাতড়া মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, জেলার বেশিরভাগ পর্যটন কেন্দ্র আমাদের এলাকায় রয়েছে। সেগুলির পরিকাঠামো খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, তা দেখা হচ্ছে।
মুকুটমণিপুর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ তাপস মণ্ডল বলেন, গতবার ব্যবসা ব্যাপক মার খেয়েছে। পর্যটনের মরশুমের বেশিরভাগ সময় হোটেলের অর্ধেক রুম খালি ছিল। এবার নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সেভাবে ঠান্ডা পড়েনি। ফলে আমরা কিছুটা শঙ্কায় ছিলাম। তবে গত কয়েকদিনে যেভাবে শীত পড়েছে, তাতে আশার আলো দেখছি। মুকুটমণিপুর সহ গোটা জঙ্গলমহলেই নতুন নতুন রিসর্ট হয়েছে। সেখানেও অনেকেই বুকিংয়ের ব্যাপারে খোঁজ নিচ্ছেন। বর্তমানে মুকুটমণিপুর ড্যামে অনেকটা জল রয়েছে। সেখানে পর্যটক ও পিকনিক করতে আসা লোকজন নৌকাবিহারে আমোদ করতে পারবেন। সব মিলিয়ে এবার ভাল পর্যটক সমাগম হবে বলে আমরা মনে করছি। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের যে কয়েকটি জেলা পর্যটকদের কাছে প্রিয়, তারমধ্যে বাঁকুড়া অন্যতম। এই জেলায় পাহাড় থেকে জলাধার, জঙ্গল থেকে ঐতিহ্যবাহী মন্দির সবই রয়েছে। ফলে অরণ্যসুন্দরী রানিবাঁধ-ঝিলিমিলি-সুতানের মনোরম পরিবেশে জিরিয়ে নিতে অনেকেই প্রতি বছর ভিড় জমান। মন্দিরনগরী বিষ্ণুপুরেও পর্যটকদের ঢল নামে। মুকুটমণিপুর জলাধারে নৌকাবিহারের মজা নিয়ে অনেকেই বিহারীনাথ, শুশুনিয়ার হাতছানিতে সাড়া দেন। তবে তা মূলত শীতকালেই হয়। ফলে এবার জাঁকিয়ে শীত পড়লে ডিসেম্বর মাসের শুরু থেকেই বাঁকুড়ায় পর্যটকদের আনাগোনা শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পর্যটনের কাঁধে ভর করে জেলার অর্থনীতিও কিছুটা চাঙ্গা হবে বলে ওয়াকিবহাল মহলের অভিমত।



