ত্রুটি শুধরে নেওয়া ৪৮ রেস্তরাঁকে ফের ব্যবসা চালুর অনুমতি
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর আগে এক সপ্তাহের বেশি সময় ধরে শহরের বিভিন্ন বড়ো রেস্তরাঁ, মিষ্টির দোকানে হানা দিয়েছিল কলকাতা পুরসভা। খাবারের ভেজাল রোধে অভিযান চালায় পুরসভার স্বাস্থ্য বিভাগের ফুড সেফটি শাখা। বহু জায়গাতেই ভেজাল ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ৭০টি খাবারের দোকানকে বন্ধ রাখার নির্দেশ দেয় পুর কর্তৃপক্ষ। তাদের ফুড লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাসপেন্ড করা হয়েছিল। এনিয়ে বিতর্ক কম হয়নি। পুরসভা সূত্রে খবর, তার মধ্যে ৪২টি রেস্তরাঁ, মিষ্টির দোকানের ফুড লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। ২৮টি দোকানের ফুড রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাসপেন্ড করা হয়েছিল। পুরসভা স্বাস্থ্য বিভাগের কর্তারা জানাচ্ছেন, দোকানগুলির মালিকপক্ষকে বলা হয়েছিল, যে যে ভুল-ত্রুটি সংশোধন করতে বলা হয়েছে, তা সংশোধন করে পুরসভার কাছে পুনরায় আবেদন করতে হবে। সেই মতো অনেকে আবেদন জানায়। সেখানে পুনরায় ফুড সেফটি অফিসাররা গিয়ে পরিদর্শন করেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ফুড লাইসেন্স সাসপেন্ড হওয়া দোকানের মধ্যে ৩১টিকে পুনরায় ব্যবসা চালুর অনুমোদন দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করা ১৭টি দোকান খোলার অনুমোদন দেওয়া হয়েছে। বাকিগুলিও এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে খবর।

Advertisement