নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনের ব্যস্ত সময়ে শিয়ালদহ-বিধাননগর ও দমদম জংশন স্টেশনে যাত্রীদের প্রবল ভিড় প্রতিদিনের পরিচিত চিত্র। যাত্রী স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবার বাড়তি ভিড় কিছুটা হাল্কা করার উদ্যোগ নিল রেল। এক্ষেত্রে সকাল ও সন্ধ্যার অফিস টাইমে দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ সেকশনে পাঁচটি নতুন ট্রেন চালাবে পূর্বরেল। রেল কর্তাদের যুক্তি, বিধাননগর কিংবা দমদম জংশনে দিনের ওই সময়ে মারাত্মক ভিড় উপচে পড়ে। সেক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা থাকে। দমদম ক্যান্টনমেন্টে যাত্রী চাপ কমিয়ে দিলে সুবিধা হবে। পাশাপাশি নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট মেট্রো পরিষেবা চালু স্রেফ সময়ের অপেক্ষা। পরবর্তীতে তা নিউ টাউনের সঙ্গে যুক্ত হবে। সেক্ষত্রে সেক্টর ফাইভ, রাজারহাটের অফিস পাড়ার হাজার হাজার যাত্রী উপকৃত হবেন। নতুন ট্রেনগুলি হল, বনগাঁ-দমদম ক্যান্টনমেন্ট (আপ-ডাউন) স্পেশাল। ট্রেনটি সকাল ৭টা ৪১ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে ৯টা ১৬ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে। সন্ধ্যায় ক্যান্টনমেন্ট থেকে ৬টা ২৬ মিনিটে যাত্রা করে রাত ৮টা ১০ মিনিটে বনগাঁয় ঢুকবে। অন্যটি হল, দমদম ক্যান্টনমেন্ট-বারাসত স্পেশাল। ট্রেনটি ক্যান্টনমেন্ট থেকে সকাল পৌনে ১০টায় ছেড়ে বারাসতে ঢুকবে ১০টা ১০ মিনিটে। বিকেলে বারাসত থেকে ৫টা ৩৭ মিনিটে যাত্রা করে সন্ধ্যায় ৬টায় ক্যান্টনমেন্ট পৌঁছবে। শেষটি বনগাঁ থেকে রাত ৮টা ২০ মিনিটে ছেড়ে বারাসতে ঢুকবে রাত ৯টা ২৫ মিনিটে।



