অভিযানে তিন দিনে গ্রেপ্তার ৪৬, উদ্ধার বিপুল চোলাই মদ
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঝালদা: চোলাই মদের কারবারের বিরুদ্ধে পুরুলিয়াজুড়ে জোরদার অভিযান শুরু করেছে জেলা পুলিশ ও আবগারি দপ্তর। গত ২৫ নভেম্বর থেকে টানা তিন দিন জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ  নষ্ট করা হয়েছে। এই তিন দিনে মোট ৪৬টি নির্দিষ্ট মামলা রুজুর পাশাপাশি ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

অন্যদিকে, ২৮ নভেম্বরও আড়শা ও কোটশিলা থানা এলাকায় আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ৬০ লিটার চোলাই মদ এবং ১৫০০ লিটার ফারমেন্টেড ওয়াশ উদ্ধার হয়। একই দিনে বাঘমুন্ডির কুদলুং গ্রামেও অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ নভেম্বর বিশেষ অভিযানের প্রথম দিনেই এক হাজার লিটারের বেশি বেআইনি চোলাই মদ উদ্ধার করে তা নষ্ট করা হয়। পাশাপাশি ১০০ লিটারের বেশি চোলাই মদ বাজেয়াপ্ত এবং ৪২৪০ লিটার ফারমেন্টেড ওয়াশ নষ্ট করা হয়। ওই দিন ১৩টি মামলা রুজু করে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
২৬ নভেম্বর অভিযানের পরিসর আরও বাড়ানো হয়। সেদিন ১২০০ লিটার চোলাই মদ নষ্টের পাশাপাশি ২০০ লিটার মদ বাজেয়াপ্ত করে পুলিশ। এছাড়া ৮,২০০ লিটার ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করে তা নষ্ট করা হয়। ওই দিনের অভিযানে ২৩ জন গ্রেপ্তার হন এবং ২৩টি নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়।
২৭ নভেম্বরের পরিসংখ্যানও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ওই দিন ১২৪০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। বাজেয়াপ্ত করা হয় আরও ৯৩.২ লিটার মদ। ওই দিন ১০টি মামলা রুজু এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, ২৮ নভেম্বর শনিবার আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান চলে কোটশিলা এবং আড়শা থানা এলাকায়। জয়পুর আবগারি সার্কেল ও কোটশিলা থানার পুলিশ গুর্রাবেড়া, বড়ুয়াকোচা ও নলকুপি এলাকায় তল্লাশি চালিয়ে ১০ লিটার চোলাই মদ এবং ৫০০ লিটার ফারমেন্টেড ওয়াশ নষ্ট করে। অন্যদিকে, বালরামপুর আবগারি সার্কেল ও কাঁটাডি পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে কাঁটাডি, গোবিন্দপুর, পিঠাটি, রাধানগর ও নিপানিয়া থেকে ৫০ লিটার চোলাই মদ, ১০০০ লিটার ফারমেন্টেড ওয়াশ এবং ছ’টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত হয়। 
প্রশাসনিক পরিসংখ্যান অনুযায়ী, তিন দিনের পুলিশি অভিযানে ৩,৪৪০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে এবং ৩৯৩.২ লিটার বাজেয়াপ্ত হয়েছে। নষ্ট করা হয়েছে ২৬ হাজার ২৫০ লিটার ফারমেন্টেড ওয়াশ। -নিজস্ব চিত্র