নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে চার হাজার ছুঁই ছুঁই। হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত অধিকাংশ জায়গায় রোগীরা ডেঙ্গু-২ সেরোটাইপে আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বর্তমানে সুস্থ। স্বাস্থ্যদপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর, ফি সপ্তাহে স্বাস্থ্যদপ্তর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনার পর বৃহস্পতিবার অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ করে। তাতে আক্রান্তের সংখ্যার বিচারে প্রথম ১৬টি জেলার পরিস্থিতি উল্লেখ করা হয়। ১৩ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী, ১ জানুয়ারি থেকে গত বুধবার পর্যন্ত রাজ্যের ১৬টি জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩৯৪ জন। তারপর গত তিনদিনে তা বেড়ে সর্বসাকুল্যে সাড়ে ৪ হাজারের কাছাকাছি হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, মোট আক্রান্তের বিচারে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ (৮৫১)। পরবর্তী চার জেলা হল উত্তর ২৪ পরগনা (৭২৬), হুগলি (৪১৯), মালদহ (৩৭২) ও হাওড়া (৩৪২)। কলকাতা (৩২৮), বাঁকুড়া (২৪১), দক্ষিণ ২৪ পরগনা (২১০), নদীয়া (১৯০) ও পূর্ব বর্ধমান (১৮৯) হল সংখ্যার বিচারে পরবর্তী পাঁচ জেলা। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম ১০ জেলার মধ্যে পাঁচটি জেলাই কলকাতা ও তার সংলগ্ন। বিশেষত, কলকাতার একেবারে সন্নিহিত জেলা উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে থাকায় প্রমাদ গুনছেন স্বাস্থ্যকর্তারা। কারণ, অফিস-কাছারি, ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন দরকারে কলকাতায় আসা মানুষের একটি বড় অংশই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। সেখানে ডেঙ্গুর বাড়বাড়ন্তের অর্থ হল, কলকাতাতেও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া। স্বভাবতই এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারমধ্যেই একদিকে বৃষ্টি ও অন্যদিকে পুজোর প্যান্ডেলের খুঁটি পোতার কাজ শুরু হওয়ায় ডেঙ্গু সংক্রমণ বাড়বে বই, কমবে না। এমনটাই আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্তারা।