Bartaman Logo
১০ জুন, ২০২৬

অসংগঠিত শ্রমিক কল্যাণে ৪ বছরে বরাদ্দ ৪২৮ কোটি টাকা, খরচ হয়নি কানাকড়িও

অসংগঠিত শ্রমিক কল্যাণে ৪ বছরে বরাদ্দ ৪২৮ কোটি টাকা, খরচ হয়নি কানাকড়িও
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এলাহাবাদ: রুজির সন্ধানে বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছেন উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকরা। অথচ, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কল্যাণমূলক প্রকল্প নিয়ে আকাশ কুসুম দাবি করে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ! যদিও হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে তথ্যের অধিকার আইনে (আরটিআই) করা আবেদনের জবাব। উত্তরপ্রদেশের বিজেপি সরকার জানিয়েছে, রাজ্যে অসংগঠিত ক্ষেত্রের সাড়ে চার কোটি শ্রমিকের জন্য বিভিন্ন প্রকল্পে গত চার বছরে ৪২৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে । কিন্তু বাস্তবে বরাদ্দ থেকে কানাকড়িও খরচ করা হয়নি। বিষয়টি সামনে আসার পর বিরোধীদের কটাক্ষ, বিজেপির ‘জুমলা’র খাতায় আরও একটি ভুয়ো দাবি যুক্ত হল।

Advertisement

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুক ফুলিয়ে দাবি করেছেন, চলতি বছরে উত্তরপ্রদেশের বাজেটের বহর ৮ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যান্য সামাজিক ক্ষেত্রের মতো অসংগঠিত শ্রমিকদের কল্যাণেও বিভিন্ন প্রকল্প কার্যকর করা হয়েছে রাজ্যে। যদিও একটি সংবাদ মাধ্যমের তরফে গত ১৭ ফেব্রুয়ারি করা আরটিআই আবেদনে উত্তরপ্রদেশ সরকারের তরফে যে জবাব এসেছে, তাতেই যোগীর ‘জুমলা’ প্রকাশ্যে চলে এসেছে। উত্তরপ্রদেশে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সামাজিক সুরক্ষা পর্ষদ। আরটিআই আবেদনে পর্ষদের কাছে জানতে চাওয়া হয়েছিল, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য রাজ্যে কী কী প্রকল্প চালু রয়েছে এবং বিগত চার বছরে সেজন্য মোট কত টাকা খরচ করা হয়েছে। জবাবে পর্ষদ জানিয়েছে, ২০২১-২২ থেকে ২০২৩-২৪— এই তিন অর্থবর্ষে ১১২ কোটি টাকা করে বরাদ্দ হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে বরাদ্দ হয়েছে ৯২ কোটি টাকা। তবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রকল্পগুলি বাস্তবায়িত না হওয়ায় বরাদ্দ অর্থ খরচ হয়নি। অর্থাৎ চার বছরে বাজেটে মোট ৪২৮ কোটি টাকা বরাদ্দ করা হলেও তার একটা পয়সাও খরচ হয়নি। ওই আরটিআই আবেদনেই জানতে চাওয়া হয়েছিল, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রকল্পগুলির প্রচারে কত টাকা খরচ হয়েছে। জবাবে পর্ষদ জানিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে এইসব প্রকল্পের প্রচারের জন্য বরাদ্দ হয়েছিল, ৫ লক্ষ টাকা। পরের চারটি অর্থবর্ষে বরাদ্দ হয় ৭ লক্ষ ৮০ হাজার টাকা করে। তবে এই প্রকল্পগুলি বাস্তবায়িত না হওয়ায় প্রচারের জন্য বরাদ্দ সেই অর্থও খরচ হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ