নিজস্ব প্রতিনিধি, বারাসত: আরটিজিএস করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন বারাসতের এক স্বর্ণ ব্যবসায়ী। খোয়া গিয়েছিল ৪২ লক্ষ টাকা। ওই অভিযোগের তদন্তে নেমে এক সপ্তাহের মধ্যে পুরো টাকা ফেরাল বারাসত থানার পুলিস। শুক্রবার ৪২ লক্ষ টাকার চেক সোনার দোকানের মালিকের হাতে তুলে দিয়েছেন পুলিস কর্তারা। পাশাপাশি গত এক মাসের মধ্যে ছিনতাই সহ বাইক চুরিরও কিনারা করল বারাসত থানা।
জানা গিয়েছে, ১০ জুলাই বারাসতের স্বর্ণ ব্যবসায়ী সুদীপ্ত ধর একটি ব্যাঙ্কে আরটিজিএস করতে যান। ফর্ম ফিল-আপ করে তিনি গ্রহীতার সমস্ত অ্যাকাউন্ট ডিটেইলস ব্যাঙ্কে দিয়ে আসেন। কিন্তু একদিন বাদে তিনি জানতে পারেন, ওই টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। তিনি সংশ্লিষ্ট ব্যাঙ্ক ও বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর এক সপ্তাহের মধ্যেই খোয়া যাওয়া ৪২ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিস। সুদীপ্তবাবু বলেন, ব্যাঙ্কে সমস্ত কাগজপত্র জমা দিয়ে এসেছিলাম। কিন্তু তারপরও কীভাবে অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেল, বুঝতে পারছি না। পুলিস দ্রুত তদন্ত করেছে। তদন্তকারীদের অনুমান, এই চক্রে ব্যাঙ্কের কর্মী যুক্ত।
অন্যদিকে, গত ২৪ জুন বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বারাসতের ভাটরাপল্লিতে ছিনতাইবাজের খপ্পরে পড়েন বারাসত গার্লস স্কুলের শিক্ষিকা কৃষ্ণা সরকার। খোয়া যায় তাঁর সোনার হার। তদন্তে নেমে অশোক অধিকারীকে নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। উদ্ধার হয়েছে সোনার হারও। শুক্রবার কৃষ্ণাদেবীকে ডেকে সেই হার ফিরিয়ে দিল পুলিস। অন্যদিকে, এদিন চুরি যাওয়া একটি বাইকও উদ্ধার করেছে পুলিস। এই ঘটনায় সুবোধ পাঠক ও আকাশ সর্দার নামের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। বারাসত পুলিস জেলার অতিরিক্ত সুপার অতীশ বিশ্বাস বলেন, গত এক মাসে বেশ কয়েকটি চুরি, ছিনতাই সহ আরটিজিএস প্রতারণা সংক্রান্ত অভিযোগের কিনারা করেছে বারাসত থানার পুলিস।