অরিজিৎ ঘোষাল, রানাঘাট: বিগত চার পাঁচ মাস ধরে থমকে রয়েছে সরকারি স্কুল ইউনিফর্মের জন্য কাপড়ের থান তৈরির কাজ। এর জেরে রানাঘাট ও শান্তিপুরে কাজ হারিয়ে অনিশ্চয়তার মুখে দিন কাটাচ্ছেন প্রায় চার হাজার শ্রমিক। রানাঘাট ও শান্তিপুর মিলিয়ে প্রায় সাড়ে ৬০০ থেকে ৭০০ কাপড়ের থান তৈরির পাওয়ারলুম মেশিন বন্ধ। পাশাপাশি ওপেন টেন্ডার না করে বাংলার ব্যবসায়ীদেরই এই কাজের বরাত দেওয়ার দাবি জানানে হয়েছে।
এই কাজের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানান, বিগত তিন বছর ধরে এই সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে তাঁরা সফলভাবে কাজ করছিলেন। কিন্তু, বিগত ৪-৫ মাস ধরে এই প্রকল্পে সমস্ত কারখানায় থান উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। যার জেরে কর্মহীন হয়ে পড়েছে বহু শ্রমিক। ব্যবসায়ীদের আশঙ্কা, যদি উন্মুক্ত দরপত্র করে এই কাজের বরাত দেওয়া হলে সারা দেশের বড়ো ব্যবসায়ীরা তাঁতে অংশ নেবেন। ফলে, এরাজ্যের তাঁতশিল্পী এবং ক্ষুদ্র শিল্পীরা প্রতিযোগিতায় টিকতে পারবেন না।
এই কাজের সঙ্গে যুক্ত রানাঘাটের এক ব্যবসায়ী প্রসেনজিৎ দাস বলেন, যদি ভিনরাজ্যের শিল্পপতিরা এই টেন্ডার পেয়ে কাজ নিয়ে চলে যান, তবে রাজ্যের বিশেষ করে শান্তিপুর ও রানাঘাটের স্থানীয় তাঁত শ্রমিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। অনেক শ্রমিক কাজ হারাবেন। শান্তিপুর তাঁতবস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি তারক দাস বলেন, আমরা চাই বাংলার এই কাজ বাংলাতেই থাক। তা না হলে এই কাজের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। বছরের পর বছর এই কাজের উপর নির্ভর করেই তাঁদের সংসার চলত। কিন্তু, বিগত চার-পাঁচ মাস ধরে কাজ সম্পূর্ণ বন্ধ থাকায় বহু মানুষ আজ কর্মহীন। ফলে কাজ না থাকায় বহু শ্রমিকের সংসার অচল হয়ে গিয়েছে।
শান্তিপুর ও রানাঘাটের ব্যবসায়ীরা এই অচলাবস্থা কাটাতে নতুন সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তাদের আশা, রাজ্য সরকার এই সংকটের কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।



