Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টাকি রোড সংস্কারে ৪০ কোটির বরাদ্দ, পুজোর আগে কাজ শুরু

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টাকি রোড। প্রতিদিনই ভারী যানবাহনের চাপ সামলাতে হয় এই রাস্তাকে।

টাকি রোড সংস্কারে ৪০ কোটির বরাদ্দ, পুজোর আগে কাজ শুরু
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টাকি রোড। প্রতিদিনই ভারী যানবাহনের চাপ সামলাতে হয় এই রাস্তাকে। কলকাতার সঙ্গে বসিরহাটের যোগাযোগের অন্যতম প্রধান এই সড়ক দিয়ে নিত্যদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। পাশাপাশি বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙা বন্দর থেকে পণ্যবাহী ট্রাক সহ ভারী যান চলাচলের চাপও থাকে সকাল থেকে রাত পর্যন্ত। দীর্ঘদিন ধরে অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে গিয়ে রাস্তার বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়ছে। এবার প্রায় ৪০ কোটি টাকা খরচ করে টাকি রোডের ২০ কিলোমিটার অংশ আরও শক্তপোক্ত করার উদ্যোগ নিল পূর্তদপ্তর। 

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শাসনের গোলাবাড়ি থেকে বেড়াচাঁপা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তা মজবুত করার কাজ হবে। পুজোর আগেই কাজ শুরু করার লক্ষ্যে প্রস্তুতি চলছে। রাস্তার সমীক্ষা করা হয়েছিল। রিপোর্টেই সংশ্লিষ্ট অংশের গুণগত মান কিছুটা খারাপ হওয়ার বিষয়টি ধরা পড়ে। কোথাও আবার তৈরি হয়েছে গর্ত। ভারী যান চলাচলের চাপের কথা মাথায় রেখে দ্রুত রাস্তা শক্তপোক্ত ও সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 টাকি রোডের গুরুত্ব শুধু স্থানীয় যাতায়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়। কলকাতার সঙ্গে বসিরহাট ও সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই রাস্তা। আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গেও সড়কের যোগাযোগ রয়েছে। ফলে, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের যাতায়াত এখানে নিত্যদিনের ছবি। স্বাভাবিকভাবেই রাস্তার উপর চাপও অন্য অনেক এলাকার তুলনায় বেশি। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, রাস্তার উপর ভারী যান চলাচলের প্রভাব পড়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর আগে সমস্ত নিয়ম মেনে কাজ শুরু হবে। স্থানীয়দের কথায়, টাকি রোডের উপর নির্ভরশীলতা এতটাই বেশি যে রাস্তার কোনো অংশে সমস্যা তৈরি হলে এর প্রভাব পড়ে গোটা যোগাযোগ ব্যবস্থায়। বিশেষ করে পণ্যবাহী গাড়ির যাতায়াতে বিঘ্ন ঘটলে ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ