Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্নদের জগন্নাথ মন্দির দর্শনে ৪টি বিশেষ গাড়ি

প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্নদের জগন্নাথ মন্দির দর্শনে ৪টি বিশেষ গাড়ি
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: বৃদ্ধ-বৃদ্ধা কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষজনকে জগন্নাথ মন্দির দর্শনে নিয়ে যেতে ভিন্টেজ কারের আদলে চারটি বিশেষ গাড়ির ব্যবস্থা করল দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা(ডিএসডিএ)। বুধবার সুসজ্জিত, সুদৃশ্য  ব্যাটারিচালিত এই গাড়ি রাখা হয়েছিল দীঘা জগন্নাথ মন্দিরের দু’দিকে এক কিলোমিটার দূরে দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের উপর। জগন্নাথ মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধা কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষজন আসছেন তাঁদের নিয়ে যেতে এই পরিষেবা চালু করা হয়। এক কিলোমিটার দূর থেকে গাড়িগুলি মন্দিরে এসেছে, আবার যাত্রী নিয়ে আসার জন্য ফিরে গিয়েছে। এদিন দিনভর গাড়ি জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়িয়েছে। গাড়িগুলি ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। শুধু বৃদ্ধবৃদ্ধা বা বিশেষ চাহিদাসম্পন্নরা নন, আমন্ত্রিত অতিথিরা এই গাড়িতে চড়ে মন্দির প্রাঙ্গণে যান। জানা গিয়েছে, কোলাঘাটের একটি রেস্তরাঁয় ওই চারটি গাড়ি মডেল হিসেবে সাজিয়ে রাখা ছিল। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের মতো মেগা ইভেন্টে গাড়িগুলি ব্যবহার করতে চেয়ে জেলা প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করে। তারপর ওই রেস্তরাঁ কর্তৃপক্ষ গাড়িগুলি দিতে রাজি হয়। কয়েকদিন আগে গাড়িগুলিকে কোলাঘাট থেকে দীঘায় নিয়ে আসা হয়। ডিএসডিএর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ২৯ ও ৩০ এপ্রিল দু’দিন এই পরিষেবা রাখা হয়েছে। পরবর্তীকালে যাতে সব সময়ের জন্য থাকে তারজন্য চেষ্টা করা হবে। এদিকে এই উদ্যোগকে সংশ্লিষ্ট সকলেই সাধুবাদ জানিয়েছেন। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষজন এবং বৃদ্ধবৃদ্ধারা বলছেন, আমাদের ট্রেন থেকে কিংবা বাস থেকে নেমে মন্দির প্রাঙ্গণে আসতে খুবই অসুবিধা হতো। গাড়িগুলি থাকায় আমাদের খুবই সুবিধা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ