নিজস্ব প্রতিনিধি, বরানগর ও সংবাদদাতা, বারুইপুর: মধুচক্র চালানো ও নাবালিকাকে অপহরণ করে পাচারের দায়ে দুই মহিলা সহ চার জনকে ২০ বছরের জেল ও আর্থিক জরিমানার নির্দেশ দিলেন বিচারক। বৃহস্পতিবার বারাকপুর মহকুমা আদালতের এডিজে (ফাস্ট কোর্ট), স্পেশাল কোর্টের বিচারক মৌ চট্টোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিদের নাম কৃষ্ণ দে, মণীন্দ্রনাথ আদাগিরি, বুলু নিয়োগী ও রাখি ঘোষ। আদালত সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণর বাড়ি সোদপুরের নীলগঞ্জ রোডে, মণীন্দ্র থাকে জগদ্দলের মথুরাপুরে, বুলুর বাড়ি উত্তরপাড়া ও রাখির বাড়ি টিটাগড়ে। এই চারজন বিভিন্ন এলাকার হোটেলে মহিলাদের রেখে মধুচক্র চালাত। ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি সিআইডির হিউম্যান ট্রাফিকিং ইউনিট দমদমের এক হোটেলে অভিযান চালিয়ে ছ’জন মহিলাকে উদ্ধার করে। তাদের মধ্যে দু’জন কিশোরী ছিল। এই ছ’জনকে হোটেলে রেখে যৌন ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ। উদ্ধার হওয়া তরুণী ও কিশোরীদের জিজ্ঞাসাবাদ করে সিআইডি চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই কেসের সরকারি আইনজীবী অসীম দত্ত বলেন, ১৭ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে বুধবার বিচারক ধৃতদের একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। এদিন তিনি তাদের ২০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে অভিযুক্ত বাবাকে কুড়ি বছরের কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। ২০২২ সালে মন্দিরবাজারে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিস।



