বিশেষ সংবাদদাতা, ইটানগর: অরুণাচল প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড। কুরুং কুমে জেলার পারসি-পারলো শহরে বৃহস্পতিবার ভোরের এই দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার ২৪টি বাড়ি। এর মধ্যে ১৯টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। অনেকেই এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
জেলার ডেপুটি কমিশনার চিচুং চুখু জানান, এক মহিলা ও তাঁর তিন নাবালক সন্তান সহ চারজনের মৃত্যু হয়েছে। মহিলার স্বামীও নিখোঁজ। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনও একটি বাড়ির রান্নাঘরে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা এলাকার অন্যান্য বাড়িতেও ছড়িয়ে পড়ে। চিচুং চুখু জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত পর্যালোচনার পরেই জানা যাবে।
এদিকে ঘটনার পর প্রত্যন্ত এলাকাটিতে পর্যাপ্ত দমকল কেন্দ্রের অভাবের অভিযোগ সামনে এসেছে। সূত্রের খবর, পারসি-পারলোতে কোনও দমকল কেন্দ্র নেই। প্রায় ৩৮ কিলোমিটার দূরে কলোরিয়াংয়ে থাকা দমকলের গাড়িটিও সময়মতো দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। ফলে সময়মতো আগুন নিয়ন্ত্রনে আনা যায়নি। এদিকে, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।



