নিজস্ব প্রতিনিধি, মালদহ: বৈষ্ণবনগরে গঙ্গায় নৌকা পারাপারের সময় বজ্রপাতে মৃত্যু হল চারজনের। আহত প্রায় ২০ জন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতদের নাম আনসুর শেখ (৪০), কচি শেখ (২৩), আসাতুল্লাহ শেখ (৭৫) ও আক্রামুল শেখ (৮০)। মৃতেরা প্রত্যেকেই মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পারদেওনাপুরের বাসিন্দা। প্রশাসন সূত্রে খবর, আজ মঙ্গলবার যাত্রী নিয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কলাবাগান ঘাট থেকে বৈষ্ণবনগরের শিবপুর ঘাটের দিকে নৌকাটি আসছিল। শিবপুর ঘাটে নৌকাটি পৌঁছনোর সময় কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়। বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি নামে। সেই সময় হওয়া বজ্রপাতে নৌকার মধ্যে থাকা চারজন যাত্রীর মৃত্যু হয়। অন্যদিকে, বজ্রাঘাতে আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।



