হায়দরাবাদ, ১৯ সেপ্টেম্বর: গণেশ বিসর্জন দিয়ে ফেরার সময়ে মর্মান্তিক দুর্ঘটনা। তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলার পালামাকুলা গ্রামের কাছে এনএইচ-৪৪ জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে একই পরিবারের চার সদস্য। মৃত্যু হয় চারজনেরই। পাশাপাশি গুরুতর জখম হন গাড়ির চালক।
জানা গিয়েছে, মহবুবনগর জেলার নবাবপেট মণ্ডলের মেট্টুগাড্ডা থান্ডা এলাকার বাসিন্দারা গণেশ পুজোর বিসর্জনে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে একটি গাড়িতে করে শামশাবাদের দিকে ফিরছিল ওই পরিবার। আর সেই ফেরার সময়ই পালামাকুলার কাছে ঘটে দুর্ঘটনাটি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু চারজনের। এই ভয়াবহ দুর্ঘটনাটি দেখে ঘটনাস্থলে জড়ো হয়ে যান স্থানীয়রা। দেরি না করে পুলিশে খবর দেন তাঁরা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ।
পুলিশ মারফত জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে কেথাভাথ লিম্ব্যা (৫৪), তাঁর স্ত্রী কেথাভাথ জমুনা (৪৫), কাত্রাভাথ মানসিংহ (৪৮) এবং কেথাভাথ বাসরাম (৪৫) । এদের মধ্যে লিম্ব্যা, মানসিংহ ও বাসরাম ব্যাবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং জামুনা ছিলেন গৃহবধূ। অপরদিকে এই দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শামশাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে তদন্তকারী দল।