Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শিবপুর থানায় ঢুকে পুলিশের সঙ্গে বচসা, ধৃত বিজেপির ৪, দলের দুই গোষ্ঠীর ঝামেলায় গ্রেপ্তার আরও দু’জন

পুরানো বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ঝামেলার রেশ এসে পড়ল শিবপুর থানাতেও। থানায় ঢুকে পুলিশের সঙ্গে বচসা, ধমক এবং এক পুলিশ অফিসারকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সিকান্দার খান সহ চারজনকে গ্রেপ্তার করল শিবপুর থানার পুলিশ।

শিবপুর থানায় ঢুকে পুলিশের সঙ্গে বচসা, ধৃত বিজেপির ৪, দলের দুই গোষ্ঠীর ঝামেলায় গ্রেপ্তার আরও দু’জন
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুরানো বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ঝামেলার রেশ এসে পড়ল শিবপুর থানাতেও। থানায় ঢুকে পুলিশের সঙ্গে বচসা, ধমক এবং এক পুলিশ অফিসারকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সিকান্দার খান সহ চারজনকে গ্রেপ্তার করল শিবপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মনোজ খান, জাহিদ কামাল ও রোহন সিং। তাঁদের বিরুদ্ধে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে পুরানো বিবাদকে কেন্দ্র করে প্রথমে ঝামেলা এবং পরে মারামারি হয়। একদিকে ছিলেন সিকান্দার খান, অন্যদিকে দাউদ খানের গোষ্ঠী। দাউদ খান ও তাঁর দলবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে লোকজন নিয়ে শিবপুর থানায় যান সিকান্দার। থানায় ঢুকেই পুলিশকে ধমকানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। এক পুলিশ অফিসারকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এরপর সিকান্দার খান সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে থানার ভিতরে গোলমাল এবং পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, অন্য পক্ষের তরফে করা পালটা অভিযোগের ভিত্তিতে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে একই ঘটনার জেরে দু’পক্ষের মোট ছ’জন গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। পুর প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, ‘এটি বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। বিষয়টি তাঁদের ব্যক্তিগত ঝামেলা। তবে থানায় গিয়ে অশান্তি বা পুলিশকে হেনস্তা করার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের কাজ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে’।

Advertisement
সম্পর্কিত সংবাদ