Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ধনেখালিতে বৃদ্ধা খুনে ধৃত ৪, ঘটনার পুনর্নিমাণ করল পুলিস

এক বৃদ্ধাকে খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল ধনেখালি থানার পুলিস।

ধনেখালিতে বৃদ্ধা খুনে ধৃত ৪, ঘটনার পুনর্নিমাণ করল পুলিস
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: এক বৃদ্ধাকে খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল ধনেখালি থানার পুলিস। গত ২৫ মে খুনের ঘটনাটি ঘটে ধনেখালি থানা এলাকার সোমসপুরে। ধৃতদের নাম, ঘনশ্যাম মালিক (৩৯), লক্ষ্মণ মাঝি (৩৩), সৌরেন মুর্মু (৩২) ও লক্ষ্মীকান্ত মালিক (৩৪)। তারা সকলেই স্থানীয় এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতদের নিয়ে গিয়ে খুনের ঘটনা পুনর্নির্মাণ করে পুলিস।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা জয়াবতী মুখোপাধ্যায় সোমসপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেই বাড়িরই অন্য ঘরে ভাড়া থাকত  ঘনশ্যাম। একদিন ঘনশ্যাম বৃদ্ধার ঘরটিও ভাড়া নেবে বলে জয়াবতীদেবীকে বলে। কিন্তু বৃদ্ধা ওই ঘর ছাড়তে নারাজ। তিনি মুখের উপর ‘না’ বলে দেন ঘনশ্যামকে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। ২৫ মে রাতে ঘনশ্যাম তার তিন সঙ্গীকে ডাকে। গভীর রাতে ইট দিয়ে বৃদ্ধাকে মারধর করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর এলাকা ছেড়ে চম্পট দেয় চারজন। পরের দিন সকালে খবর পেয়ে পুলিস গিয়ে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
হুগলি জেলা গ্রামীণ পুলিসের ডিএসপি প্রিয়ব্রত বক্সি বৃহস্পতিবার বলেন, ধনেখালির সোমসপুরের বাসিন্দা জয়াবতী মুখোপাধ্যায়কে (৭৬) গত ২৬ মে সকালে তাঁর ভাড়া বাড়ি থেকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়। পুলিস তদন্তে নেমে এই ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে গ্ৰেপ্তার করে। ২৭ তারিখ তাদের আদালতে পেশ করা হলে পুলিসি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করে পুলিস। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, আঘাত থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই বৃদ্ধার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলে পুলিস চার্জশিট জমা দেবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ