অগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: প্রায় সাড়ে তিন হাজার মৃত ভোটারকে চিহ্নিত করা হল কালীগঞ্জ বিধানসভায়। সেখানকার উপ নির্বাচনকে সামনে রেখে বিশেষ ভোটার তালিকা সংশোধনীর কাজ হয়। তাতেই এই বিপুল সংখ্যক মৃত ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে। পাশাপাশি হাজারের বেশি নতুন ভোটাররাও তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। ‘সম্ভাব্য’ উপনির্বাচনের আগে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা নিয়ে আশাবাদী প্রশাসনের আধিকারিকরা। আগামী মে মাসের ৫ তারিখ ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে সূত্রের খবর।
জেলা প্রশাসনের এক আধিকারিকের কথায়, জমা হওয়া সমস্ত আবেদন খতিয়ে দেখা হচ্ছে। সেইমতো অনুমোদন দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময় ভোটার তালিকা প্রকাশ করা হবে। কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন নিয়ে জল্পনা তুঙ্গে। সমস্ত রাজনৈতিক দলই জল মাপছে। বিরোধীদের একাংশের দাবি, বিধানসভার নির্বাচনের কয়েক মাস আগে এইভাবে উপনির্বাচন করা কতটা যুক্তিযুক্ত। রানাঘাট লোকসভার সাংসদ ইতিমধ্যেই নির্বাচন না করতে চিঠি লিখছেন। এই আবহের মধ্যেই গত পয়লা এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত ইভিএম ও ভিভি প্যাড চেকিংয়ের কাজ করা হয়। পাশাপাশি বিধানসভায় নতুন ৪৮টি বুথ তৈরি হয়েছে। যাফলে বর্তমানে কালীগঞ্জ বিধানসভায় বুথের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৯টি। চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত এই বিধানসভায় বুথের সংখ্যা ছিল ২৬১টি। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি বুথে ১২০০’র চেয়ে বেশি ভোটার হবে না। তাই বুথ ভাঙার সিদ্ধান্ত।
সেইসঙ্গে, কালীগঞ্জ বিধানসভায় ভোটার তালিকা সংশোধনীর কাজ শুরু করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। ৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সেই কাজ চলে। ভোটার তালিকা সংশোধনীর কাজ দেখতে রাজ্যে শীর্ষ প্রশাসনিক আধিকারিকরাও আসেন। গত ১৯ এপ্রিল এসেছিলেন রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসার (সিইও) মনোজ আগরওয়াল। এছাড়াও নদীয়া জেলাশাসক এস অরুণ প্রসাদ নিয়মিত বিধানসভার বিভিন্ন বুথ পরিদর্শন করেন।
দীর্ঘ দু-সপ্তাহ ধরে সংশোধনের প্রক্রিয়া চলছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালীগঞ্জ বিধানসভার ভোটার তালিকা সংশোধনী কর্মসূচিতে মোট ১১ হাজার ৮৮৪টি আবেদন জমা পড়েছে। যার মধ্যে ফ্রম-৭ অর্থাৎ, তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জামা পড়েছে ৬ হাজার ২৭৪টি। তাতে দেখা যাচ্ছে, ৩ হাজার ৪৮৩টি আবেদন জমা পড়েছে মৃত্যুজনিত কারণ নিয়ে। পাশাপাশি ১৬৬৯টি ফর্ম-৬ জমা পড়েছে। অর্থাৎ, দেড় হাজারের বেশি নতুন ভোটাররাও তালিকায় নাম তোলার জন্য আবেদন জানিয়েছেন। সেইসঙ্গে ভোটার কার্ডের নাম সংশোধনী এবং বুথ পরিবর্তনের জন্য ৩ হাজার ৯৪১টি আবেদন জমা পড়েছে। বর্তমানে কালিগঞ্জ বিধানসভায় ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ৮৩৮। যার মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ২৭১ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৬০৩।