Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অঙ্কুরহাটির সার্ভিস রোডে ৩৫ দোকান উচ্ছেদ

অঙ্কুরহাটির সার্ভিস রোডে ৩৫টি বেআইনি দোকান উচ্ছেদ করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যানজট ও নিকাশি সমস্যার সমাধানে এই অভিযান। বিস্তারিত পড়ুন।

অঙ্কুরহাটির সার্ভিস রোডে ৩৫ দোকান উচ্ছেদ
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্ট এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনের পাশে বুলডোজার চালিয়ে মোট ৩৫টি বেআইনি দোকান উচ্ছেদ করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বুধ ও বৃহস্পতিবার, দু’দিন ধরে এই অভিযান চলে। এই অভিযানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের পাশাপাশি উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের দু’পাশে, বিশেষ করে সার্ভিস রোডের ধারে এবং নিকাশি নালার উপর বেআইনিভাবে দোকানপাট গড়ে উঠেছিল। চা-খাবারের দোকানের পাশাপাশি কিছু ক্ষেত্রে কাটা পেট্রল ও ডিজেল বিক্রির অভিযোগও ছিল। সন্ধ্যার পর এলাকায় ব্যাপক ভিড় হত। ফলে সার্ভিস রোডে পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। এর চাপ জাতীয় সড়কে এসে পড়ায় সেখানে যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রাস্তার ধারে এই বেআইনি দোকানগুলির কারণে প্রায়ই যান চলাচল ব্যাহত হয় এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, এই অস্থায়ী দোকানগুলির কারণে রাস্তার ধারে নিকাশি নালা পরিষ্কার ও সংস্কারের কাজ দীর্ঘদিন ধরেই আটকে ছিল। বর্ষার সময় নিকাশি ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় আশপাশের একাধিক পঞ্চায়েত এলাকায় জল জমার স্থায়ী সমস্যা দেখা দিত। পাশাপাশি জাতীয় সড়ক সম্প্রসারণ এবং সার্ভিস রোডের উন্নয়নের কাজও বাধাপ্রাপ্ত হচ্ছিল। সেকারণেই রাস্তা দখলমুক্ত করতে এই অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে উচ্ছেদ হওয়া দোকানিদের একাংশের অভিযোগ, তাঁদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। একদিন আগে মৌখিকভাবে দোকান সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে বলে তাঁদের দাবি। অনেকেই বলেন, এত কম সময়ে দোকানের মালপত্র সরানো সম্ভব হয়নি। ফলে হঠাৎ করে বুলডোজার চালানোয় তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই অভিযান শুধু রাস্তা দখলমুক্ত করার জন্য নয়, মূল লক্ষ্য হল দীর্ঘদিনের নিকাশি সমস্যার একটি পরিকল্পিত ও স্থায়ী সমাধান করা। নর্দমা সংস্কার, জলনিকাশি ব্যবস্থার উন্নতি এবং সার্ভিস রোডকে সম্পূর্ণ দখলমুক্ত রাখার কাজ আগামী দিনেও চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ