Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরে নতুন ৩০০টি পুজোর আবেদন থানায়, নানা থিমে সাজছে তমলুকের বিভিন্ন মণ্ডপ

‘কুরুক্ষেত্র’ থেকে ‘তিরুপতি মন্দির’, ৩০ ফুটের প্রতিমা থেকে ‘মানব সভ্যতার বিবর্তন’-এবার পুজোয় তমলুকজুড়ে থিমের হিড়িক

পূর্ব মেদিনীপুরে নতুন ৩০০টি পুজোর আবেদন থানায়, নানা থিমে সাজছে তমলুকের বিভিন্ন মণ্ডপ
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ‘কুরুক্ষেত্র’ থেকে ‘তিরুপতি মন্দির’, ৩০ ফুটের প্রতিমা থেকে ‘মানব সভ্যতার বিবর্তন’-এবার পুজোয় তমলুকজুড়ে থিমের হিড়িক। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে মণ্ডপে ব্যস্ততা তুঙ্গে। উদ্বোধনী থেকে পাঁচ-ছ’দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের সূচি নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা। তমলুকের শালগেছিয়া থেকে পর্বতীপুর, মানিকতলা থেকে নিমতৌড়ি সহ সর্বত্র রকমারি থিমে সেজে ওঠছে মণ্ডপ। এবার জেলায় নতুন পুজোর সংখ্যাও অনেক বাড়ছে। পূর্ব মেদিনীপুরে প্রায় ৩০০ নতুন পুজো নিয়ে বিভিন্ন থানায় আবেদন জমা পড়েছে।

Advertisement

তমলুক শহরের শালগেছিয়ায় সেবক সংঘের পুজোয় প্রতি বছর থিমের চমক থাকে। এবার এখানকার থিম কুরুক্ষেত্র। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে নানা মুহূর্তের ছবি মণ্ডপে তুলে ধরা হচ্ছে। সেইসঙ্গে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের বড় মডেলও থাকবে। শালগেছিয়ায় আরেকটি বিগ বাজেটের পুজো করে নিউ ব্রাইট স্টার। তাদের থিম রামমন্দির। মাঠের মধ্যে বিরাট জায়গাজুড়ে রামমন্দিরের আদলে মণ্ডপ সাজিয়ে তোলার কাজ চলছে জোরকদমে।
শহরের মানিকতলায় পুরনো এসপি অফিস লাগোয়া সম্প্রীতি বন্ধন ক্লাবের এবারের আকর্ষণ ৩০ ফুটের দুর্গা প্রতিমা। মেচেদা-হলদিয়া রাজ্য সড়কের ধারে সুউচ্চ প্রতিমা তৈরির কাজ চলছে। শহরের হসপিটাল মোড় সংলগ্ন নটিবয় ক্লাবের পুজোয় এবার কামাখ্যা মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। এখানকার পুজো ৪৭বছরে পা দিল। শহরের ৮ নম্বর ওয়ার্ডে দেপাড়া এলাকায় নটিবড় ক্লাবের পুজোর থিম স্বপ্নপুরী। আলোর ম্যাজিকে মণ্ডপের ভিতর স্বপ্নের মতো একটা পরিবেশ তুলে ধরা হবে বলে ক্লাব সম্পাদক বিদ্যুৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন।
তমলুক শহরে শঙ্করআড়া বাঁশপুল সংলগ্ন ইয়ুথস্পোটিং ক্লাবের পুজো শহরের বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম। এবার রামের হরধনু ভঙ্গের ঘটনাকে থিমে উপস্থাপন করা হচ্ছে। থিমের মণ্ডপের সঙ্গে থাকছে চন্দননগরের আলোর জাদু। ক্লাব সভাপতি গৌতম পাল জানান, পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা সামাজিক কর্মসূচি রাখা হয়েছে। শহরের ১২নম্বর ওয়ার্ডে পার্বতীপুরে অলস্টার ক্লাবের পুজোয় এবার পঁচেটগড়ের রাজবাড়ির আদলে মন্দির তৈরি হচ্ছে। ক্লাব সভাপতি অরিন্দম খাটুয়া বলেন, আমাদের জেলারই পুরনো একটি রাজবাড়ির ঐতিহ্যকে দর্শনার্থীদের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছি। এছাড়া, নিমতৌড়ি গ্রামবাসী, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী কমিটির পুজোয় তিরুপতি মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। এবার পুজো ৩৯বছরে পড়ল। কুলবেড়িয়া ঐক্যতান ক্লাবের পুজোর থিম ‘বিবর্তন’। মানব সভ্যতার বিবর্তনের কাহিনী মণ্ডপ তুলে ধরছেন শিল্পীরা। মানব সভ্যতার পরিবতরন এবং সেই পথে বিজ্ঞানের অবদান সমান্তরালভাবে মণ্ডপে ঠাঁই পাচ্ছে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতায় কতটা প্রভাব ফেলছে সেটাও শিল্পীরা তাঁদের নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলছেন।
  

Advertisement
সম্পর্কিত সংবাদ