নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাত বাড়তেই একের পর এক বাড়িতে হানা। কোথাও মহিলাদের মারধরের অভিযোগ, কোথাও আবার গলা টিপে খুনের চেষ্টা। এমন অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উত্তপ্ত রইল দাশনগরের বিরাজময়ী রোড এলাকা। আক্রান্ত পরিবারগুলির দাবি, কারখানার জমি খালি করে সেখানে আবাসন তৈরির জন্য তাঁদের জোর করে উচ্ছেদের চেষ্টা চলছে। এদিন দুপুরে দাশনগর থানায় গিয়ে বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ জানান বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিরাজময়ী রোডের ওই জমিটি দীর্ঘদিন আগে বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়া মেশিনারি কারখানার। কারখানায় কর্মরত শ্রমিকরা এক সময় সেখানে ঘর তৈরি করে বসবাস শুরু করেন। পরবর্তীকালে সেই ঘরগুলিতেই তাঁদের পরিবারগুলি ভাড়াটিয়া হিসাবে থেকে যায়। জমির একাংশে গড়ে ওঠে দোকানপাট ও বাজারও। বর্তমানে সেখানে প্রায় ৩০০টি ভাড়াটিয়া পরিবার রয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
তাঁদের অভিযোগ, কয়েক বছর ধরেই জমিটি কিনে নেওয়ার দাবি করে তাঁদের ঘর ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সম্প্রতি উচ্ছেদের নোটিসও দেওয়া হয়। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ‘দাশনগর বাঁচাও কমিটি’ তৈরি করে পথসভা করেন। অভিযোগ, শুক্রবার রাতে আচমকাই ১৫-২০ জনের একটি দুষ্কৃতী দল বিভিন্ন বাড়িতে ঢুকে হামলা চালায়। আক্রান্ত এক মহিলার অভিযোগ, বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে লোহার রড দিয়ে হাতে আঘাত করা হয়। পাশের বাড়ির এক মহিলাকেও গলা টিপে ধরে খুনের চেষ্টা করা হয়। তাঁর দাবি, আগামী ২১ তারিখের মধ্যে ঘর না ছাড়লে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা জানান, ২০২২ সালেও কারখানা থেকে যন্ত্রাংশ পাচারের চেষ্টা হয়েছিল। তাঁর দাবি, ফের একই গোষ্ঠীকে দিয়ে বাসিন্দাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এনিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানান। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।