সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুর ২ নম্বর ব্লকের লাহিড়ী খালের উত্তর দিকের বাঁধ ভেঙে জলমগ্ন হয়েছে প্রায় ৩০০ বিঘা চাষের জমি। ফলে আমন চাষে সমস্যা দেখা দিয়েছে। এলাকার কৃষকদের বক্তব্য, এই সমস্যা কাটিয়ে সময়মতো ধান চাষ করতে না পারলে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। যদিও শ্যামপুর ২ নম্বর ব্লক প্রশাসন সূত্রে খবর, সেচদপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে জলের চাপে এই ব্লকের বেলপুকুর এবং মণ্ডলপাড়ার মাঝে বাঁধের একটি বড় অংশ ভেঙে যায়। তারপর সেটি সংস্কার করা হয়নি। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, গত বছরও বাঁধের ওই অংশটি ভেঙে গিয়েছিল। সেই সময় সেচদপ্তর বাঁধ সংস্কার করলেও এ বছর ফের ভেঙে গিয়েছে। তার জেরে বেলপুকুর, মণ্ডলপাড়া, নারকেলদহ এবং মৌলবেড়িয়া— এই চারটি এলাকার প্রায় ৩০০ বিঘা চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। কৃষকদের বক্তব্য, শ্যামপুরের অন্যান্য জায়গায় চাষ শুরু হয়ে গিয়েছে। ধানের চারা রোয়ার কাজও প্রায় শেষের পথে। কিন্তু এই চারটি গ্রামের মানুষ চাষ করতে পারছেন না। বাঁধের ওই ভাঙা অংশ সেচদপ্তর মেরামত করে দিলে গ্রামে আর জল ঢুকতে পারবে না। জমি থেকে জল নামলেই ফের আমরা চাষ করতে পারব।
কৃষকদের এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা। তিনি বলেন, আমরা সেচদপ্তরের সঙ্গে কথা বলেছি। ফের সেচদপ্তরকে বলা হবে, যাতে তারা দ্রুত ওই বাঁধ সংস্কার করে দেয়। নিজস্ব চিত্র