নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দলে সদস্য ক্রমবর্ধমান। তাই শিলিগুড়িতে তিনটি টাউন কমিটি ভেঙে ছ’টি করল তৃণমূল কংগ্রেস। এতে দার্জিলিং জেলা তৃণমূল (সমতল) ব্লক কমিটির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। রবিবার তারা সংশ্লিষ্ট কমিটিগুলির সভাপতি ও সহ সভাপতি, জেলা কমিটির সম্পাদক ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এবার টাউন কমিটির সভাপতির পদ হাতছাড়া হয়েছে পুরসভার তিন মেয়র পরিষদের। একইসঙ্গে যুব, মহিলা ও আইএনটিটিইউসি’র ব্লক সভাপতি ও সহ সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। ছাব্বিশের নির্বাচনের আগে জোড়াফুল শিবিরের এমন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
তৃণমূলের দার্জিলিং জেলা চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল বলেন, শহরে তিনটি টাউন কমিটি ভেঙে ছ’টি করা হয়েছে। এবার শহরের সাংগঠনিক কাজে আরও গতি আসবে। দলের প্রাক্তন সভানেত্রী তথা কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ বলেন, বহু আগেই টাউন ব্লক কমিটিগুলি ভাঙার প্রস্তাব দলের রাজ্য কমিটির কাছে পাঠিয়েছিলাম। তা এবার কার্যকর হওয়ায় ভালো লাগছে।
এদিন শিলিগুড়ি শহরের ৪৭টি ওয়ার্ড নিয়ে ছিল তিনটি টাউন কমিটি। এবার সেগুলি ভেঙে ছ’টি করা হয়েছে। কোনওটিতে ছ’টি, কোনওটিতে সাতটি, আবার কোনওটিতে ১১টি ওয়ার্ড রয়েছে। দলীয় সূত্রের খবর, টাউন-১এ কমিটিতে ১ থেকে ৩, ৪৫ থেকে ৪৭, টাউন-১ বি’তে ৪ থেকে ১১, ২৫ ও ২৬, টাউন-২এ’তে ১২ থেকে ২১, টাউন-২বি’তে ২২ থেকে ২৪, ২৭ থেকে ৩০, টাউন-৩এ’তে ৩১ থেকে ৩৭ এবং টাউন-৩বি’তে ৩৮ থেকে ৪৪ নম্বর ওয়ার্ড রয়েছে। এবার কমিটিগুলির সভাপতির পদ থেকে বাদ পড়েছেন পুরসভার মেয়র পরিষদরা। সেই জায়গাগুলিতে দলের পুরনো নেতা এবং কিছু নতুন মুখকে বসানো হয়েছে।
টাউন-১এ’র সভাপতি সঞ্জয় পাঠক ও সহ সভাপতি গোপাল সাহা, টাউন-১বি’র সভাপতি প্রদীপ গোয়েল, টাউন-২এ’র সভাপতি দেবপ্রিয় সেনগুপ্ত ও সহ সভাপতি রাজু দাস, টাউন-২বি’র সভাপতি সুস্মিতা বসুমৈত্র, টাউন-৩ এ’র সভাপতি জয়দীপ নন্দী ও সহ সভাপতি তাপস চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। তবে টাউন-৩বি’র সভাপতির নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
বাকি সাতটি ব্লক কমিটির সভাপতি ও সহ সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। সেখানেও কিছু পরিবর্তন এসেছে। এমনকী, দলের ব্লক কমিটি ও যুব সংগঠনের তিন নেতাকে স্থান দেওয়া হয়েছে তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক, সম্পাদক ও সদস্য পদে। কিন্তু জেলা সভাপতির নাম এখনও ঘোষণা হয়নি। একই সঙ্গে এদিন যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের ১৩টি ব্লক কমিটির সভাপতি ও সহ সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এনিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে পুরনো ও নতুনদের নিয়ে ময়দানে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল। এজন্য তাদের এমন পদক্ষেপ।