ফতেপুর (উত্তরপ্রদেশ): ট্রাক্টরের রাস্তা ছাড়া নিয়ে গন্ডগোল। আর তার জেরে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিনজনের। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের ফতেপুর জেলার হাতগামে এই ঘটনা ঘটে। মৃতদের নাম বিনোদ ওরফে পাপ্পু সিং (৫০), তাঁর ছেলে অভয় সিং (২২) ও পাপ্পুর ছোট ভাই অনুপ ওরফে রিঙ্কু সিং (৪০)। আখরি গ্রামের পঞ্চায়েত প্রধান রামদুলারি সিং নিহত পাপ্পু ও রিঙ্কুর মা। পাপ্পু নিজেও কৃষক সংগঠন ভারতীয় কৃষক ইউনিয়নের জেলা সভাপতি পদে ছিলেন। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান মুন্নু সিং ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ নিয়ে যেতে পুলিসকে বাধা দেয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় তিনটি থানার বিশাল পুলিস বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। স্থানীয়রা জানিয়েছেন, এদিন পাপ্পু বাইকে চেপে তাহিরাপুর এলাকায় গিয়েছিলেন। একই সময়ে মুন্নুর ছেলে পীযূষ সিংও ট্রাক্টর নিয়ে সেখানে গিয়েছিলেন। ফেরার সময় পীযূষ পাপ্পুকে রাস্তা ছাড়তে চাননি বলে অভিযোগ। পাপ্পু এর প্রতিবাদ করায় দুজনের মধ্যে গোলমাল বাধে। পাপ্পু তাঁর ছেলে ও ভাইকে ফোন করে ডেকে আনেন। পাল্টা পীযূষও তার বাবা ও সঙ্গীকে ডেকে আনে। দু’পক্ষই গুলি চালাতে শুরু করে। সেই সময়ই গুলিবিদ্ধ হয়ে মারা যান পাপ্পু, তাঁর ভাই ও ছেলে। অভিযুক্তরা অন্য একটি গাড়িতে পালিয়ে যায়। পুলিস সুপার ধবল জয়সওয়াল জানিয়েছেন, ঘটনার পর পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।



