বাসন্তীতে নাবালিকাকে খুনের মামলায় প্রেমিক সহ ৩ জনের যাবজ্জীবন সাজা
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবছর বাসন্তীতে এক আদিবাসী কিশোরীকে অপহরণ ও খুন করা হয়। প্রমাণ লোপাটের জন্য পুঁতে দেওয়া হয় তার দেহ। এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় মেয়েটির প্রেমিক বুদ্ধদেব সর্দার এবং তার দুই বন্ধু দীপেন কয়াল ও প্রতীক সর্দারকে। বুধবার আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনাল। 

Advertisement

আলিপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শৌভিক দে এই আদেশ দিয়েছেন। দোষীদের এক লক্ষ টাকা করে জরিমানাও দিতে হবে। আর্থিক জরিমানা অনাদায়ে একবছর হাজতবাসও করতে হবে তাদের। পাশাপাশি অপহরণ ও প্রমাণ লোপাটের দায়েও বিচারক অপরাধীদের বিরুদ্ধে পৃথক সাজা ঘোষণা করেন। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজাই একত্রে চলবে। 
এদিন রায় ঘোষণার আগে মামলার বিশেষ সরকারি কৌঁসুলি অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, ‘অপরাধীরা যেভাবে ঠান্ডা মাথায় ওই কিশোরীকে হত্যা করেছে, তা ভাবলে শিহরিত হতে হয়। তাই সরকার পক্ষ দোষীদের কড়া সাজার দাবিই জানাচ্ছে।’ 
যদিও অপরাধীরা আদালতে দাবি করে, তাদেরকে ফাঁসানো হয়েছে। রায় ঘোষণার আগে ভরা এজলাসে বিচারক বলেন, ‘এই খুনের মামলায় আপনাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগই প্রমাণিত হয়েছে। কিন্তু সকলের বয়স ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর আদালত আপনাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল।’ ঘটনার উল্লেখসহ মূল অপরাধী বুদ্ধদেব সর্দারকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন বিচারক। সংশোধনাগারে তাকে সংযত জীবনযাপনের নির্দেশ দেন তিনি। সেখানে এই যুবক যাতে নতুন কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়েন সেই বিষয়েও সর্তক করে দেন বিচারক। 
যদিও রায় ঘোষণার পর অপরাধীদের মধ্যে কোনো হেলদোল দেখা যায়নি। তাদেরকে দিব্যি হাসিঠাট্টা করতে দেখা যায়। মামলার তদন্তকারী অফিসার সামিউল হোসেন নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট পেশ করেছিলেন। খুনের ঘটনাটি ঘটে ২০২৫ সালে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে, বাসন্তীর উত্তর চুনাখালি গ্রামে। মামলার তদন্তে পুলিশ যাবতীয় প্রযুক্তিকে কাজে লাগায়। ব্যবহার করা হয় ড্রোন।