সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে শুক্রবার ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। ডিভিশনের পুরুলিয়া-গৌরীনাথধাম স্টেশনের মাঝে রেলের তরফে কাজ করা হবে। সেই জন্য শুক্রবার সকাল ৯টা ২০মিনিট থেকে বিকেল ৫টা ৫মিনিট পর্যন্ত ৭ঘণ্টা ৪৫মিনিট ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। এজন্য তিন জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। দু’জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে ট্রেনযাত্রীদের ব্যাপক অসুবিধার আশঙ্কা দেখা দিয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৮০৪১/৬৮০৪২ আদ্রা-বড়কাখানা মেমু প্যাসেঞ্জার, ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস ও ৬৩৫৯৮/৬৩৫৯৭ আসানসোল-রাঁচি মেমু প্যাসেঞ্জার-এই তিনটি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া, ১৮০৮৫/১৮০৮৬ খড়্গপুর-রাঁচি মেমু এক্সপ্রেস ও ১৮০৩৫/১৮০৩৬ খড়্গপুর-হাটিয়া এক্সপ্রেস শুক্রবার আদ্রা পর্যন্ত চলাচল করবে। রেলযাত্রী মেঘনাদ মণ্ডল, শশাঙ্ক কবিরাজ বলেন, মানুষ লোকাল ট্রেনে যাত্রার উপর আর ভরসা করতে পারছে না। আদ্রা ডিভিশনের এক আধিকারিক বলেন, আগামী দিনে রেল চলাচল মসৃণ করার জন্য যাত্রীদের সুবিধার্থে কাজ করা হচ্ছে। তার জন্য সাময়িক অসুবিধা হবেই।