Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় গৃহকর্ত্রীর হাত-পা বেঁধে লুটতরাজ চালাল ৩ দুষ্কৃতী

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়ার রাজাপুর থানা এলাকার রঘুদেবপুরের ঘরভাঙা বাসুদেবপুরে

উলুবেড়িয়ায় গৃহকর্ত্রীর হাত-পা বেঁধে লুটতরাজ চালাল ৩ দুষ্কৃতী
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীর হাত-পা বেঁধে গলায় ছুরি ঠেকিয়ে লুটপাট চালানোর অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়ার রাজাপুর থানা এলাকার রঘুদেবপুরের ঘরভাঙা বাসুদেবপুরে। রাজাপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, বছর দেড়ক আগে গৃহকর্ত্রী শিপ্রা দাসের স্বামী মারা যান। ছেলে ও মেয়েকে নিয়ে তিনি এই বাড়িতেই থাকেন। মেয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ছেলে হোমিওপ্যাথি চিকিৎসক।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে বুধবার শহরের বাইরে গিয়েছেন ছেলে। প্রতিদিনের মতো সকালে শিপ্রাদেবীর মেয়েও কর্মস্থলে চলে যান। বেলা ১১টা নাগাদ শিপ্রাদেবী ঘরের আবর্জনা ফেলতে বাড়ির বাইরে বের হন। অভিযোগ, এই সুযোগে তিন দুষ্কৃতী ঘরে ঢুকে পড়ে। তারা শিপ্রাদেবীর হাত-পা, মুখ বেঁধে গলায় ছুরি ঠেকিয়ে ঘরে লুটপাট চালিয়ে চম্পট দেয়। এমনকী, যাওয়ার সময় তারা তাঁর মেয়ের স্কুটার নিয়েও চম্পট দেয়। পরে শিপ্রাদেবীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। গৃহকর্ত্রী বলেন, বাড়িতে আমি একাই থাকি। বাড়ির সবাই প্রতিষ্ঠিত হওয়ায় দুষ্কৃতীরা ভেবেছিল, বাড়িতে অনেক কিছু আছে। সেই ভেবেই তারা লুট করতে এসেছিল বলে দাবি করেন তিনি। তবে দুষ্কৃতীরা সোনার গয়না সহ বেশ কিছু টাকা নিয়ে পালিয়েছে। 

সম্পর্কিত সংবাদ