বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: মঙ্গলবার অসমের ডিমা হাসাও জেলায় অসম পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল তিন জঙ্গি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অসমের ডিমা হাসাও জেলা। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিহত ৩ জঙ্গিই এনএসসিএন গোষ্ঠীর। তাদের থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। নাগাল্যান্ড থেকে এনএসসিএন জঙ্গিরা হাফলং থানার সীমানার কাছে এন কুবিন এবং হেরাকিলোরের মাঝামাঝি একটি জায়গায় লুকিয়ে রয়েছে। সূত্র মারফত এই খবর পেয়ে অভিযানে নামে অসম পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা প্রথমে গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনী। ঘটনাস্থলেই নিহত তিন জঙ্গি।



