Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডুয়ার্সের তিনটি চা বাগানে খাঁচাবন্দি ৩টি চিতাবাঘ

ডুয়ার্সের তিনটি চা বাগানে খাঁচাবন্দি ৩টি চিতাবাঘ
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার সকালে পৃথক তিনটি চা বাগান থেকে তিনটি  চিতাবাঘ উদ্ধার করলেন বনকর্মীরা। বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান, মাল ব্লকের লিস রিভার চা বাগান এবং সাইলি চা বাগান থেকে খাঁচায় বন্দি হওয়া তিনটি চিতাবাঘকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তিনটি চিতবাঘকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গোরুমারা জঙ্গলে ছেড়ে দেন বনকর্মীরা। 

Advertisement

আমবাড়ি বাগানের ৪ নম্বর সেকশনে প্রায় এক সপ্তাহ আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখা হয়েছিল। এদিন সকালে সেই ছাগল খেতে এসে খাঁচায় বন্দি হয় চিতবাঘ।  একইভাবে লিস রিভার চা বাগানের হোপ ডিভিশন থেকে উদ্ধার হয় আরএকটি চিতবাঘ। সাইলি চা বাগানের ৪ নম্বর সেকশনেও পেতে রাখা খাঁচায় ধরা পড়ে একটি চিতাবাঘ। 
গোরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের এডিএফও রাজীব দে বলেন, একদিনে তিনটি চা বাগান থেকে তিনটি চিতবাঘ ধরা পড়েছে। তিনটি চিতাবাঘই সুস্থ থাকায় গোরুমারা জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই তিনটি বাগানেই বেশকিছু দিন ধরে চিতাবাঘের উৎপাত শুরু হয়েছিল। সন্ধ্যা হলেই শ্রমিক লাইনে ঢুকে যেত চিতাবাঘ। হাঁস-মুরগি এমনকী গোরু-ছাগল তুলে নিয়ে যাচ্ছিল। রাতে চিতাবাঘের আওয়াজে আতঙ্ক জাঁকিয়ে বসছিল। ভয়ে কেউ রাতে ঘরের বাইরে বের হতেন না। দিনেও চা বাগানে কাজ করার সময় মাঝেমধ্যে শ্রমিকদের দিকে তেড়ে আসত চিতাবাঘ। এরপরই খবর পেয়ে তিনটি চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসায় বনদপ্তর। বেশ কয়েকদিন অপেক্ষা করার পর এদিন তিনটি চিতাবাঘ ধরা পড়ে ওসব খাঁচায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ