


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির পোলবার আলিনগরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। জখম এক। রবিবার গভীর রাতে ওই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুড়াপ থেকে একটি চারচাকা গাড়িতে চালক সহ চারজন দাদপুরের দিকে আসছিলেন। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জখম চারজনকে রাতে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। সেখানে চিকিৎসকরা দুই যুবতী সহ তিনজনকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালক সাগির হোসেন এখনও চিকিৎসাধীন আছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম জ্যোতি বিশ্বাস (২১), যোগিতা রানা ও হাসিব আহমেদ (৩০)। এর মধ্যে যোগিতা হরিয়ানার, জ্যোতি নদীয়ার ও হাসিব দাদপুরের বাসিন্দা। জ্যোতি ও যোগিতা দাদপুরের একটি পানশালায় বার ডান্সারের কাজ করতেন। ওই দু’জনকে নিয়ে হাসিব, রবিবার রাতে গুড়াপের একটি ধাবায় খেতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, কুকুরকে ধাক্কা দেওয়ার পরে গাড়িটি একাধিকবার পালটি খায়। গাড়ি পুরোপুরি দুমড়েমুচড়ে গিয়েছিল। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (ডি অ্যান্ড টি) প্রিয়ব্রত বক্সি বলেন, ‘গভীর রাতে সংশ্লিষ্ট থানার কাছে খবর আসার পরেই একটি টিম গিয়েছিল। তাঁরাই জখম চারজনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। ঘটনার তদন্ত করা হচ্ছে।’ স্থানীয় বাসিন্দা তথা ব্যবসায়ী মদন দাস বলেন, ‘রাতে গাড়িটি উদ্দাম গতিতে চলছিল। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। তরতাজা তিনটে প্রাণ চলে গেল, সেটাই আক্ষেপের।’ সোমবার ওই দুর্ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া গিয়েছে। যা দেখে বিস্মিত হয়েছে পুলিশ। ফুটেজে দেখা যায়, লাল রঙের চারচাকা গাড়িটি রকেটের বেগে ছুটে আসছিল। আচমকা কুকুর রাস্তায় চলে আসায় চালক গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। গাড়িটি কার্যত উড়ে গিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। তারপরে আরও একদফা পালটি খায়। ঘটনাস্থলে পুলিশ। -নিজস্ব চিত্র