Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকদহে বেসরকারি ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

চাকদহে বেসরকারি ব্যাঙ্কে ডাকাতির ঘটনার তিনদিনের মধ্যেই দুই দুষ্কৃতী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে চাকদহ থানার পুলিস

চাকদহে বেসরকারি ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: চাকদহে বেসরকারি ব্যাঙ্কে ডাকাতির ঘটনার তিনদিনের মধ্যেই দুই দুষ্কৃতী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে চাকদহ থানার পুলিস। ধৃতদের নাম রজ্জাক মণ্ডল, সাহেব মণ্ডল ও মহসিন মণ্ডল। তাদের মধ্যে দু’জনের বাড়ি চাকদহের পাঁচপোতা এলাকায়, অন্যজন থাকে নরপতি পাড়ায়। রানাঘাট পুলিস জেলার ক্রাইম সেল ও চাকদহ থানার পুলিস যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পাশাপাশি উদ্ধার হয়েছে ডাকাতিতে ব্যবহৃত বাইকটিও। ঘটনার পর থেকে আশ্চর্যজনকভাবে নিখোঁজ ওই বেসরকারি ব্যাঙ্কের গোল্ড লোন সেকশনের ম্যানেজার ও এক কর্মচারী। গত শনিবার তাঁদের পরিবারের পক্ষ থেকে চাকদহ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরিবারের দাবিকে উদ্ধৃত করে পুলিস জানিয়েছে, রাতে হোটেলে খাওয়ার পর থেকে তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। তবে তাঁরা কী কারণে নিখোঁজ, তা খতিয়ে দেখছে পুলিস। তবে তিনজন গ্রেপ্তার হলেও ডাকাতি হওয়া প্রায় ১৫ কেজি সোনা এখনও উদ্ধার হয়নি। রবিবার ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

রবিবার চাকদহ থানায় এক সাংবাদিক সম্মেলন করে রানাঘাট পুলিস জেলার সুপার আশিস মৌর্য বলেন, সিসি ক্যামেরার ফুটেজে বাইকের নম্বর প্লেট দেখে প্রথমে বাইকচালককে চিহ্নিত করা হয়। তারপর তাকে পাকড়াও করে জেরা করলে বাকি দু’জনের হদিশ মেলে। 
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট সন্ধ্যায় চাকদহ বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি স্বর্ণ ঋণদান সংস্থায় দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ১৫ কেজি সোনার গয়না নিয়ে পালায়। পালানোর সময় তারা একটি বাইকে উঠে জাতীয় সড়কের দিকে পালায়‌। এই ঘটনায় ভিন রাজ্যের যোগ, কোনও চক্র কিংবা ব্যাঙ্কের কোনও কর্মী জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিস।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ