নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুরের অমরাবতীতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রেমিকা সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার অমরবতীতে জঙ্গল লাগোয়া এলাকায় স্থানীয় যুবক ভৈরব ক্ষেত্রপালের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। মৃতের পরিবারের অভিযোগ ছিল, ভৈরবের প্রেমিকা রাখী ক্ষেত্রপাল তার আত্মীয়দের সঙ্গে নিয়ে ভৈরবকে খুন করেছে। প্রেমিকার সম্পর্কিত দিদি রিঙ্কু দাস ও জামাইবাবু টোটান দাসের বাড়ি ভাঙচুর করে তাঁদের মারধর করা হয়।
সোমবারও মৃতদেহ নিয়ে নিউটাউনশিপ থানায় বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। তাঁরা অভিযোগ করেন, পুলিশ খুনের অভিযোগ নিতে চাইছে না। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে। পরবর্তীকালে পুলিশ লিখিত অভিযোগ নেয়। তারপরই মঙ্গলবার রিঙ্কু, টোটোন সহ প্রেমিকাকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, আত্মঘাতী হওয়ার সম্ভবনাই বেশি। যদিও একটি সূত্রে জানা গিয়েছে, প্রেমিকা তাঁর দিদির বাড়িতেই প্রেমিককে ডেকেছিল। খুব সম্ভবত, সম্পর্ক শেষ করার জন্য চাপ দেওয়া হয়। তারপরই এই ঘটনা। ডিসি অভিষেক গুপ্তা বলেন, আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।