


সংবাদদাতা, উলুবেড়িয়া: কম দামে সোনার মুদ্রা বিক্রি করার টোপ দিয়ে গুজরাতের এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিস। ধৃতেরা হল হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা শেখ রিজওয়ান, আলি হোসেন এবং পাঁচলার জুজুরশার বাসিন্দা ওয়াসিম আক্রম। মঙ্গলবার এক দুষ্কৃতী ও বুধবার আরও দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের কাছ থেকে সাড়ে ২১ লক্ষ টাকা সহ প্রায় ৭০০টি নকল সোনার মুদ্রা, মুদ্রা তৈরির ফরমা, কেমিক্যাল, গ্যাস, নকল নোট তৈরির কাগজ সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিস। বৃহস্পতিবার পানিয়াড়ায় হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পুলিস সুপার সুবিমল পাল। তিনি বলেন, রিজওয়ান ও আলি হোসেন সর্ম্পকে আত্মীয়। গুজরাতের ব্যবসায়ী মহম্মদ ইয়াসিন হানিফ মেহেমানের সঙ্গে রিজওয়ানের পরিচয় হয়। সেখানেই ইয়াসিনকে কম দামে সোনার মুদ্রা বিক্রির টোপ দেয় রিজওয়ান। এর আগে ওই ব্যবসায়ীকে কলকাতায় ডেকে আসল সোনার মুদ্রা দেখিয়ে লোভ দেখিয়েছিল প্রতারকরা। ব্যবসায়ী সোনার মুদ্রা কিনতে রাজি হলে প্রতারকরা জুলাই মাসে তাঁকে কলকাতায় ডাকে। পুলিস সুপার বলেন, ব্যবসায়ী কলকাতায় এলে প্রতারকরা তাঁকে হাওড়া আমতা লাইনে জগৎবল্লভপুরের মহেন্দ্রলাল স্টেশনে নিয়ে যায়। যদিও পরে ওই ব্যবসায়ী সোনার মুদ্রাগুলি দেখে বুঝতে পারেন সেগুলি নকল। এরপর ওই ব্যবসায়ী নকল সোনার মুদ্রা কিনতে না চাইলে প্রতারকরা তাঁর কাছে থেকে ২৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। ৩১ জুলাই ব্যবসায়ী জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিস তদন্ত শুরু করে এবং তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিস সুপার সুবিমল পাল জানান, ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করলেও একজন পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে, এদিন বাগনানের একটি চুরির ঘটনায় দুই দুষ্কৃতীকেও পুলিস গ্রেপ্তার করে। নিজস্ব চিত্র