নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, উলুবেড়িয়া: ভোররাতের অন্ধকারে বেআইনিভাবে গোমাংস বিক্রির অভিযোগে দেগঙ্গার কসাইখানায় অভিযান চালাল পুলিশ। শনিবার ভোরে দক্ষিণ কলসুরের মীরপাড়া এলাকায় হানা দিয়ে ৩৬ কেজি গোমাংস বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম উসমান আলি ও মহম্মদ সেলিম। তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে কসাইখানার মালিক মোকসেদ আলি পালিয়ে যান বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে গোরুর মাংস বিক্রির কারবার চলছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযানের পরিকল্পনা করে পুলিশ। শনিবার ভোরে কসাইখানায় হানা দিয়ে হাতেনাতে দু’জনকে ধরে ফেলে তারা। মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বারাসত আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, শুক্রবার সকালে উলুবেড়িয়া থানার কুলগাছিয়ার কাছে গোরুবোঝাই কন্টেনার আটক করে কিছু লোক। উলুবেড়িয়া থানার পুলিশ সেখানে গিয়ে ২২টি গোরু উদ্ধার করে। গোরু পাচারের অভিযোগে পুলিশ কন্টেনারের দুই খালাসিকে গ্রেপ্তার করতে পারলেও চালক পালিয়েছিল। অবশেষে কন্টেনারের চালককে গ্রেপ্তার করল উদয়নারায়ণপুর থানার পুলিশ। ধৃত তিনজনকে শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।



