


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মহকুমায় ভোটের লড়াইয়ে মোট ২৮ জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা চার। সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। আরামবাগ মহকুমার মধ্যে খানাকুল বিধানসভায় প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ৯ জন প্রার্থী নির্বাচনি লড়াইয়ে রয়েছেন এবার। গোঘাটে সবচেয়ে কম পাঁচ জন প্রার্থী লড়াই করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আরামবাগে ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁরা প্রত্যেকেই থাকছেন লড়াইয়ে। সেখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, বহুজন সমাজ পার্টি প্রভৃতি দলের প্রার্থী থাকছেন। তারসঙ্গে রয়েছেন একজন নির্দল প্রার্থী। এই বিধানসভাতেই আবার তিন মহিলা প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। তাঁদের মধ্যে তৃণমূলের রয়েছেন মিতা বাগ। সিপিএমের বীথিকা পন্ডিত ও বহুজন সমাজ পার্টির কাজললতা কুন্ডু।
গোঘাটে রয়েছেন পাঁচ জন প্রার্থী। সেখানে বিধানসভা দখলে আনতে প্রার্থী দিয়েছে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, বিজেপি, কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি। অন্যদিকে, খানাকুল বিধানসভায় রয়েছে ৯ প্রার্থীর লড়াই। মহকুমার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী আসরে নেমেছেন বন্যা কবলিত খানাকুলেই। এই বিধানসভায় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস, আরএসপি, আম জনতা উন্নয়ন পার্টির প্রতিনিধিরা। এছাড়া বহুজন সমাজ পার্টির মহিলা প্রার্থীও রয়েছেন। এছাড়া ২ নির্দল প্রার্থীও রয়েছেন। ভোটের ময়দানে শেষ হাসি কে হাসবেন, আগামি ৪ মে তার উত্তর জানা যাবে।
এছাড়া পুরশুড়ায় আট প্রার্থীকে দেখা যাবে নির্বাচনি ময়দানে। সেখানেও তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রভৃতি দলগুলির প্রার্থীরা রয়েছেন। তার সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টি, রাষ্ট্রীয় সেকুলার মজলিসের প্রার্থীরাও রয়েছেন। পুরশুড়ায় দু’জন নির্দল প্রার্থীও ময়দানে নেমেছেন।