সংবাদদাতা, দিনহাটা: ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পুলিসের জালে ধরা পড়েছে ২৮ জন বাংলাদেশি। অনেকদিন আগেই এরা ভারতে এসেছিল। কাজের সূত্রে ছিল বিভিন্ন রাজ্যে। ফের বাংলাদেশে ফিরতে গিয়ে ধরা পড়ল তারা। বৃহস্পতিবার রাতে দিনহাটা রেলস্টেশন এলাকা থেকে তাদের ধরে দিনহাটা থানার পুলিস। শুক্রবার দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ১১ জন পুরুষ, আট জন মহিলা এবং ন’জন নাবালক রয়েছে। সকলেই বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। কয়েক বছর ধরে তারা হরিয়ানার বিভিন্ন জায়গায় কাজ করেছে। সম্প্রতি হরিয়ানায় বাংলাদেশিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হলে তারা সেখান থেকে বিহারের একটি ইটভাটায় কাজ করতে চলে যান। প্রায় তিন মাস সেখানে থাকার পর সোশ্যাল মিডিয়ায় তারা জানতে পারে, বিএসএফ এখন অনেক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাচ্ছে। সেই খবর পেয়েই বাড়ি ফেরার উদ্দেশ্যে শিলিগুড়ি হয়ে দিনহাটায় আসে তারা।
রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিসের নাইট পেট্রোলিংয়ে থাকা কর্মীরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে থানায় নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকলেই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে জানায়। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হলে সরকারি আইনজীবী সংগ্রাম দেব জানান, ফরেনার্স অ্যাক্টের নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে এবং আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
ঘটনা প্রসঙ্গে কোচবিহারের অতিরিক্ত পুলিস সুপার (হেড কোয়ার্টার) কৃষ্ণগোপাল মিনা বলেন, বাংলাদেশে ফেরার উদ্দেশ্যেই ওই দলটি দিনহাটায় এসেছিল। নাইট পেট্রোলিং ভ্যানের তৎপরতায় তারা ধরা পড়ে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের অন্যতম মহম্মদ ঈশা বলে, ১৫ বছর ধরে হরিয়ানায় কাজ করছিলাম। ধরপাকড় শুরু হওয়ায় বিহারে ইটভাটায় চলে যাই। সম্প্রতি মোবাইলে খবর পাই, বিএসএফ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে। তাই নিজের দেশেই ফিরতে চেয়েছিলাম। দিনহাটায় এসেছিলাম সেই আশায়।