নয়াদিল্লি: ১৯ বছরের আশিস (নাম পরিবর্তিত)। উত্তরপ্রদেশের বাসিন্দা। পরিবার বলতে পাঁচ ভাইবোন। করোনা কেড়েছে বাবা-মাকে। তারপর থেকেই সংসারের দায়িত্ব আশিসের কাঁধে। সাইনবোর্ড লাগিয়ে ছ’টি পেটের জন্য ভাত জোগাড় করে অনাথ ছেলেটি। দিদি কল্পনার কথায়, মোদি সরকারের ঘোষণা মতো পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিমে ভাইয়ের নাম নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু ও সাবালক হওয়ার পরও মাসিক বৃত্তির টাকা মেলে না। কোনোরকমে দিন কাটে। গল্পটা শুধু উত্তরপ্রদেশের নয়, রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু—দেশের নানা রাজ্যে এমন ‘আসিফে’র সংখ্যা ২ হাজার ৬৭৪ জন। কোভিডকালে নাবালক অবস্থাতেই বাবা-মাকে হারিয়েছে তারা। বর্তমানে সকলেই প্রাপ্তবয়স্ক। কিন্তু মাত্র ৩৭ জনের কাছে মোদি সরকারের পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিমের টাকা। গত ২৮ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে তথ্যের অধিকার আইন (আরটিআই)-র আওতায় প্রশ্ন করেছিল একটি হিন্দি সংবাদপত্র। তার জবাবেই সরকার জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধী শিবির। তাদের বক্তব্য, এটাই বিজেপি তথা মোদি সরকারের চরিত্র। ঢাক পেটানো আর গালভরা প্রতিশ্রুতিতে (জুমলা) ওদের জুড়ি মেলা ভার।
করোনায় অনাথ শিশুদের কথা মাথায় রেখে ২০২১ সালের ২৯ মে চালু হয় পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিম। প্রকল্পের নিয়ম অনুযায়ী, ওই নাবালকদের শিক্ষা, স্বাস্থ্য তথা আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেয় সরকার। তাঁরা প্রাপ্তবয়স্ক হলেই ১৮-২৩ বছর পর্যন্ত মাসিক ভাতা পাবেন বলে জানানো হয়। আর ২৩ বছর সম্পূর্ণ হলে ১০ লক্ষ টাকা। কিন্তু সরকারের সেই প্রতিশ্রুতি যে খাতায়-কলমেই থেকে গিয়েছে, তা স্পষ্ট আরটিআই-র তথ্যে। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়া কোভিড-অনাথদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। তাদের মাসিক স্টাইপেন্ডের হিসাবও চাওয়া হয়। গত ৬ অক্টোবর নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্টাইপেন্ডে দেরি হওয়ার বিষয়ে তাদের কাছে কোনোরকম অভিযোগ আসেনি। পরে ডাক বিভাগের ঘাড়ে দায় ঠেলে জবাবদিহি এড়িয়ে যায় মন্ত্রক। গত ১৩ অক্টোবর ডাক বিভাগ জানায়, স্কিমের অধীনে থাকা ২ হাজার ৬৭৪ জন বর্তমানে প্রাপ্তবয়স্ক। তবে মাত্র ৩৭ জনকে মাসিক স্টাইপেন্ড দেওয়া শুরু হয়েছে। পরিসংখ্যান বলছে, মহারাষ্ট্রে ৫০৭ জন কোভিড অনাথ প্রাপ্তবয়স্ক হয়েছে। মাত্র একজন পাচ্ছে মাসিক বৃত্তি। উত্তরপ্রদেশে ২৬৯ প্রাপ্তবয়স্কের মধ্যে টাকা পাচ্ছে ৫ জন। তামিলনাড়ুতে ৫, মধ্যপ্রদেশে ৭, অন্ধ্রপ্রদেশে ২। ডবল ইঞ্জিন রাজধানী দিল্লি ও রাজস্থানে এখনও পর্যন্ত একজনও পায়নি পিএম কেয়ার্সের টাকা।
মজার বিষয়, এনিয়ে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকে একাধিক মেল পাঠানো হয়েছিল। পিআইবি-র আধিকারিকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কারও কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। দিল্লির একাধিক দপ্তর ও ভবনের জবাব— আগে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে আসুন।



