নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) অনুযায়ী নাগরিকত্বের শংসাপত্র প্রদান প্রক্রিয়ায় গতি আনতে তৎপর হল নবান্ন। ১৩ নভেম্বরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ওইদিন পর্যন্ত মোট ২ লক্ষ ৮৯ হাজার ৯৫০টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে এখনো নাগরিকত্বের শংসাপত্র হাতে পাওয়া বাকি রয়েছে ২ লক্ষ ৬১ হাজার ৬৮০ জন আবেদনকারীর। যাচাইয়ের বিভিন্ন পর্যায়ে আটকে রয়েছে তাঁদের আবেদন। ফলে দ্রুত শুনানি এবং প্রয়োজনীয় অন্যন্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করে দ্রুততার সঙ্গে যোগ্য আবেদনকারীদের শংসাপত্র দেওয়ার নির্দেশ গেল জেলা প্রশাসনের কাছে। সোমবার সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে দ্রুত আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ।
১৯ আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গসহ দেশের মোট আটটি সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলাশাসকদের সরাসরি সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার ক্ষমতা দিয়েছে কেন্দ্র। দ্রুত শংসাপত্র প্রদানের লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলেই মত প্রশাসনিক কর্তাদের। কিন্তু তাতেও জমে যাচ্ছে আবেদনের পাহাড়। সব মিলিয়ে এখনো পর্যন্ত ২৭ হাজারের কিছু বেশি শংসাপত্র দেওয়া হলেও ১৯ আগস্টের পরে রাজ্যজুড়ে মাত্র ১৮৩৪ জনের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া সম্ভব হয়েছে।
স্বাভাবিক ভাবেই সর্বাধিক আবেদনই হল উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলার। অথচ, জেলা শাসকদের হাতে দায়িত্ব আসার পরে সবথেকে কম শংসাপত্র প্রদান করা সম্ভব হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। মাত্র একটি। যেখানে ১৯ নভেম্বরের আগে এই জেলায় ৯,৪৬২ জনকে সিএএ শংসাপত্র দেওয়া সম্ভব হয়েছিল।
এক্ষেত্রে কোচবিহারের পারফরম্যান্স সবচেয়ে ভালো। ১৯ আগস্টের পরে সেখানে ৭২৩ জন আবেদনকারীকে শংসাপত্র দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ঠাকুরনগরের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই সমস্ত আবেদনকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। সেই লক্ষ্য পূরণে ১২ জন আইএএসকেও এই কাজে যুক্ত করার অর্ডারও দিয়েছিল নবান্ন। সূত্রের খবর, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সোমবার নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করেছেন সোমবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ। সেখানে দ্রুত আবেদন নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।



