Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতে প্রত্যর্পণে বাধা নেই, মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ তাহাউর রানার আর্জি

26/11 mumbai attack mastermind Tahawwur Rana's plea to stay extradition rejected by US top court

ভারতে প্রত্যর্পণে বাধা নেই, মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ তাহাউর রানার আর্জি
  • ৭ মার্চ, ২০২৫ ১৫:০৩
Prefer us on Google

ওয়াশিংটন, ৭ মার্চ: ধোপে টিকল না ধর্মীয় তাস। মুম্বই জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহাউর রানার আর্জি খারিজ করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট। ভারতে প্রত্যর্পণ ঠেকানোর শেষ চেষ্টা হিসেবে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রানা। আদালতে দাখিল আবেদনে তার দাবি ছিল, ‘আমি একজন পাক বংশোদ্ভূত মুসলমান। ফলে ভারতের হাতে তুলে দেওয়া হলে আমার উপরে চূড়ান্ত অত্যাচার করা হবে।’ তাই প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনা করা হোক। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এলিনা কাগান। ফলে রানাকে নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হাতে আর কোনও আইনি বাধা রইল না।

Advertisement

তাহাউর রানাকে দেশে আনতে দীর্ঘদিন থেকে চেষ্টা করছে নয়াদিল্লি। ২৫ জানুয়ারি রানার প্রত্যর্পণে ছাড়পত্র দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। গত মাসে প্রধানমন্ত্রী মোদির ওশিংটন সফরকালে রানাকে প্রত্যর্পণের কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করে রানাকে ভারতে আনতে কয়েক সপ্তাহ লাগতে পারে। তবে তাকে যে মহারাষ্ট্রের কোনও জেলে রাখা হবে, তা একপ্রকার নিশ্চিত। সূত্রের খবর, রানাকে ভারতে এনে এনআইএ আদালতে তোলা হবে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। 

২০০৯ সালে ডেনমার্কে হামলার চেষ্টা করেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা। সেই হামলা ব্যর্থ হলেও লস্করকে সরঞ্জাম সরবরাহ মামলায় মার্কিন মুলুকে দোষী সাব্যস্ত হয় রানা। তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে ডেভিড হেডলিও। বর্তমানে লস অ্যাঞ্জেলসের জেলে বন্দি আছে ৬৩ বছর বয়সি এই পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক। তবে ভারতে জঙ্গি কার্যকলাপের মামলায় বেকসুর ঘোষণা করা হয় রানাকে। তবে এরপরেও রানাকে ভারতে আনার চেষ্টা চালু রাখে দিল্লি।

Advertisement
সম্পর্কিত সংবাদ