সংবাদদাতা, কালিয়াচক: ঘর তলিয়েছে গঙ্গায়। তারপর থেকে বাস করছিলেন অন্যের জমিতে। অস্থায়ী চালায় মাথা গুঁজে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন বৈষ্ণবনগরের বীরনগর দুর্গারামটোলার বেশকছিু পরিবারের সদস্যরা। কিন্তু ভাগ্যের ফের! ভয়াবহ অগ্নিকাণ্ডে ফের আশ্রয় হারাল ভাঙ্গন পীড়িত ২৬টি পরিবার। দমকলের ইঞ্জিন আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় ২৬টি বাড়ি।
স্থানীয়দের কয়েকজন জানিয়েছেন, রবিবার দুপুরে বেশিরভাগ বাড়িতে রান্না চলছিল। এমন সময় বাঁশের চাটাইয়ে আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েকটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় বলে আগুন আরও ভয়াবহ রূপ নেয়।
নিঃস্ব হয়ে যাওয়া রমেন দাস, অঞ্জলি মণ্ডল, সীমা মণ্ডলদের বক্তব্য, কীভাবে আগুন লেগেছিল নিশ্চিত বলতে পারছি না। তবে সবাই মিলে চেষ্টা করেছিলাম নেভাতে। তীব্রতা এতটাই ছিল, দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘর থেকে কিচ্ছু বের করতে পারিনি। জমির নথিপত্র, ব্যক্তিগত কাগজপত্র, ছেলেমেয়েদের বই খাতা, টাকা, মোবাইল সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভাঙনের জেরে জমিজমা, বাড়িঘর হারিয়েছি। এবার সব শেষ হয়ে গেল।
দমকল আধিকারিক সুধীর সরকার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে রান্নার উনুন থেকেই আগুন ছড়িয়েছে। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ তীব্র করেছে আগুনের শিখা।
বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কু দাস বলেন, পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণের ব্যবস্থা করেছি। বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার ও দুধের ব্যবস্থা করা হয়েছে।
জেলা পরিষদের স্থানীয় সদস্য পরিতোষ সরকার বলেন, ভীষণ দুর্ভাগ্যজনক ঘটনা। আরও ত্রাণের ব্যবস্থা ও অন্যান্য সামগ্রী দ্রুত দেওয়ার জন্য ব্লক প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।