Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নৈহাটি পুরসভার ২৪ জন কাউন্সিলারের পদত্যাগ, প্রশাসক বসা সময়ের অপেক্ষা

নৈহাটি পুরসভায় ২৪ জন কাউন্সিলারের পদত্যাগের ফলে প্রশাসক বসার সময়ের অপেক্ষা। তৃণমূলের দখল ভেঙে যাওয়ায় জনমত বিপর্যস্ত। বিস্তারিত পড়ুন।

নৈহাটি পুরসভার ২৪ জন কাউন্সিলারের পদত্যাগ, প্রশাসক বসা সময়ের অপেক্ষা
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র নৈহাটি পুরসভা ছিল তৃণমূলের দখলে। অবশেষে তাও ভেঙে গেল। পুরসভায় ৩১ জন তৃণমূল কাউন্সিলার ছিলেন। যার মধ্যে একজন বছরখানেক আগেই পদত্যাগ করেছিলেন। বাকি ৩০ জনের মধ্যে ২৪ জন পদত্যাগ করলেন। গত সপ্তাহের পদত্যাগ করেছিলেন পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। প্রথমে পদত্যাগ করেছিলেন চেয়ারম্যান পরিষদের সদস্য শেখর ভৌমিক এবং পার্থ দাশগুপ্ত। চেয়ারম্যান পদত্যাগ করার পরে পরপর কাউন্সিলাররা পদত্যাগ করতে থাকেন। পুরসভার এগজিকিউটিভ অফিসার এবং বারাকপুরের মহকুমা শাসককে মেইল করে পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন কাউন্সিলাররা। এখন অন্যান্য পুরসভার মত এখানেও প্রশাসক বসা সময়ের অপেক্ষা। 

Advertisement

গত ৪ মে রাজ্যে পালা বদলের পর নৈহাটি পুরসভায় কার্যত অচল অবস্থা সৃষ্টি হয়। অশোক চট্টোপাধ্যায় পুরসভায় আসা বন্ধ করে দেন। অস্থায়ী কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যায়। পুরসভার দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটে। নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় চেয়ারম্যান সহ কাউন্সিলারদের পুরসভায় আসার জন্য বলেন। এরপর চেয়ারম্যান পুরসভায় গেলে বিজেপি কর্মীরা তাঁকে চরম হেনস্তা করে। তারপর থেকে পুরসভায় তিনি যাননি। এরপর তার ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। তারপরেই চেয়ারম্যান পদত্যাগ করেন। এবার ২৪ জন কাউন্সিলার পদত্যাগ করায় পুরো বোর্ড ভেঙে গেল। কাউন্সিলাররা অবশ্য জানিয়েছেন, জনমত বিরুদ্ধে যাওয়ায় এই সিদ্ধান্ত। অবশ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত দেড় মাস ধরে পরিষেবা পাচ্ছিল না মানুষ। এবার প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে পুরসভা পরিচালনা করা হবে। সেই সঙ্গে তৃণমূল বোর্ডের দুর্নীতি প্রকাশ করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ